চাকরিতে প্রবেশের বয়স ৩০-৩৫ করার দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ কর্মসূচি থেকে এ দাবি জানানো।
কর্মসূচিতে সংগঠনের প্রধান সমন্বয়কারী এম এ আলী বলেন, বর্তমান বিশ্বের স্বাধীন ১৯৫টি দেশের মধ্যে ১৬২টির বেশি দেশে চাকরিতে নিয়োগের আবেদনের বয়সসীমা ৩৫ বছর রয়েছে। প্রচলিত নিয়ম অনুসারে ২৩ বছর বয়সে শিক্ষাজীবন শেষ হওয়ার কথা থাকলেও সমীকরণটি শুধু কাগজে-কলমেই সীমাবদ্ধ রয়েছে। কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাড়া ২৭-২৮ বছরের আগে কোনও শিক্ষার্থীর স্নাতকোত্তর ডিগ্রি শেষ হয় না। এদিকে চাকরিতে অবসরের সীমা ৫৭-৫৯ করা হলো কিন্তু আনুপাতিক হারে চাকরিতে প্রবেশের সীমা বাড়ানো হলো না।
তিনি আরও বলেন, ‘সব দিক বিবেচনা করে চাকরিতে প্রবেশের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা ৩৫ করা হোক। বিষয়টি আমরা বারবার বলে আসছি কিন্তু সরকারের পক্ষ থেকে কোনও ধরনের নির্দেশনা আসছে না। আমরা চাই সরকার আমাদের দাবি মেনে নেবেন।’
কর্মসূচিতে সংগঠনের মুখপাত্র মোহাম্মদ ইমতিয়াজ হোসেন,সমন্বয়কারীর নাসির আহমেদ, মামুনুর রশিদ, শারমিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।








