প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৯ জনের বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলার আদেশের জন্য ২২ মার্চ দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (৫ মার্চ) মামলা আদেশের জন্য দিন ধার্য ছিল। কিন্তু আদেশ প্রস্তুত না হওয়ায় ঢাকার ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল এই আদেশ দেন।
বাদীর আইনজীবী আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, ১৮ ফেব্রুয়ারি একই আদালতে মামলাটি দায়ের করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। সেদিন বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনা করে পরে আদেশ দেবেন বলে জানান।
মামলার অপর আসামিরা হলেন− জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক যুগ্ম-সম্পাদক ও লন্ডনের আইন ছাত্র পরিষদের সভাপতি শাহিদুর রহমান, জামায়াত নেতা মো. আফজাল হোসেন, মো. মুজিবুর রহমান, মো. আবদুল করিম, হাফেজ মো. দিদারুল ইসলাম, মো. জাকির হোসেন, মো. আব্দুল হালীম, রফিকুল ইসলামসহ অঙ্গাতনামা বিএনপির আরও তিন জন।
এজাহার থেকে জানা যায়, গত বছরের ৬ ডিসেম্বর মিরপুরে বাদীকে আসামিরা আটক করে। এরপর বাদীকে শর্ত দেয় যে, খালেদা জিয়া ও তারেক রহমানসহ নেতাকর্মীদের নামে যে মামলাগুলো করেছেন তিনি, তা আগামী ৭ দিনের মধ্যে প্রত্যাহার করতে হবে। তা নাহলে আবার তাকে ও প্রধানমন্ত্রীকে ২১শে আগস্টের মতো গ্রেনেড মেরে খুন করা হবে। এরপর মামলা করেন তিনি।
এজাহার থেকে আরও জানা যায়, লন্ডন থেকে তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক যুগ্ম-সম্পাদক ও লন্ডনের আইন ছাত্র পরিষদের সভাপতি শাহিদুর রহমান অশ্লীল ভাষায় ফেসবুকে, মেসেঞ্জারে বাদীকে হুমকিসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তিমূলক কথা লেখেন।








