কুয়েত যাত্রা নিয়ে বিপদে বাংলাদেশিরা

জাকিয়া আহমেদ ও সাদ্দিফ অভি
০৫ মার্চ ২০২০, ২১:২৫আপডেট : ০৫ মার্চ ২০২০, ২১:২৫

আইইডিসিআর কার্যালয়ের সামনে কুয়েত গমনেচ্ছুদের ভিড় স্বাস্থ্যসনদ ছাড়া কুয়েতে প্রবেশে নিষেধাজ্ঞা আসার পর এখন সনদ পাওয়া নিয়ে বিপদে পড়েছেন বাংলাদেশিরা। ঢাকায় অবস্থিত কুয়েত দূতাবাস স্বাস্থ্যসনদ দিচ্ছে না। কুয়েত দূতাবাস অনুমোদিত ঢাকাস্থ মেডিক্যাল সেন্টারগুলোও করোনা পরীক্ষার বিষয়ে কোনও নির্দেশনা পায়নি। এসব মেডিক্যাল সেন্টারে করোনা পরীক্ষার কোনও ব্যবস্থাও নেই। সমাধান মেলেনি জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইআইডিসিআর) গিয়েও। দেশে করোনা পরীক্ষার একমাত্র এখতিয়ার থাকা প্রতিষ্ঠানটি বলছে- এ ধরনের সার্টিফিকেট দেওয়া তাদের কাজ নয়। এ অবস্থায় বিপদে পড়েছেন কুয়েতগামী বাংলাদেশিরা।

কুয়েত সরকার জানিয়েছে- ৮ মার্চ থেকে সে দেশে প্রবেশ করতে হলে করোনা ভাইরাস সংক্রমণ পরীক্ষা করে যেতে হবে। এসব পরীক্ষা বাংলাদেশের কুয়েত দূতাবাসের অনুমোদিত মেডিক্যাল সেন্টার থেকে পিসিআর পরীক্ষা (পলিমিরেজ চেইন রিঅ্যাকশন) করতে হবে। কিন্তু বাংলাদেশে অবস্থিত কুয়েত দূতাবাসে স্বাস্থ্যসনদের জন্য যাওয়া হলে সেখান থেকে একটি ফর্ম দিয়ে আইইডিসিআরে পাঠিয়ে দেওয়া হয় কুয়েত গমনেচ্ছু বাংলাদেশিদের। এর ফলে বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে কয়েকশ’ মানুষ মহাখালীর অফিসের সামনে ভিড় করেন। কিন্তু আইইডিসিআর তাদের কোনও সমাধান দিতে পারেনি।

 কুমিল্লা থেকে আসা কুয়েত গমনেচ্ছু আব্দুল হান্নান ক্ষোভ এবং হতাশা নিয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১২ মার্চ আমার কুয়েতের ফ্লাইট। কিন্তু এরা বলছে আমাদের কিছু করার নাই। তাহলে আমরা যে প্রবাসীরা আছি- তারা এখন কোথায় যাবো। ৮ মার্চের পর যারা কুয়েতে পৌঁছাবে তাদেরকে দেশে ফেরত পাঠানো হবে। মানুষগুলোকে যদি এভাবে ফেরত পাঠায়, তাহলে আমাদের পরিবারগুলো শেষ হয়ে যাবে।’

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘আইইডিসিআরের সনদ দেওয়ার এখতিয়ার নেই। আইইডিসিআর রোগ নিয়ে গবেষণা করে, সার্ভিল্যান্স কার্যক্রম পরিচালনা করে, আউটব্রেক ইনভেস্টিগেশন এবং রেসপন্সের কাজ করে থাকে।’

‘কোনও সার্টিফিকেট দেওয়া আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না’, যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, আইইডিসিআর সনদ দেওয়ার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান নয়। কিন্তু আমাদের কাছে যেহেতু এসেছে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে। সমস্যার সমাধানে মন্ত্রণালয় থেকে প্রবাসী কল্যাণ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

 সব দূতাবাসের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমাদের সঙ্গে যোগাযোগ না করে কাউকে আমাদের এখানে পাঠিয়ে দেবেন না। তাতে করে আমরা যেমন বিব্রত হচ্ছি, তেমনি যারা এখানে আসছেন, তারাও ভোগান্তিতে পড়ছেন এবং মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছেন।

অন্যদিকে, গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) অনুমোদিত মেডিক্যাল সেন্টারদের সংগঠন গামকা’র সাবেক সভাপতি ও আল রিয়াদ মেডিক্যাল চেকাপের মালিক বিশ্বাস জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কুয়েতের ইমিগ্রেশন বিভাগ থেকে একটি চিঠি ইস্যু করা হয়েছে বলে জানতে পেরেছি। সেই নির্দেশনা সম্ভবত ঢাকার কুয়েত দূতাবাসে এখনও আসে নাই। কুয়েত দূতাবাস থেকে আমাদের কিছু জানানো হয়নি। কিন্তু জানালেও সমস্যা হলো আমাদের কোনও মেডিক্যাল সেন্টারে তো করোনা শনাক্ত করার টেস্ট কিট- রিএজেন্ট নেই।’

জনশক্তি রফতানিকারকদের সংগঠন বায়রার মহাসচিব শামিম আহমেদ চৌধুরী নোমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে। কারণ আমাদের এখানে একমাত্র আইইডিসিআরকেই ক্ষমতা দেওয়া আছে। আর কারও কাছে টেস্ট কিট নেই। আমাদের হাসপাতালগুলোতেও নাই, তাহলে মেডিক্যাল সেন্টারের কাছে কিভাবে থাকবে?’

কুয়েত দূতাবাস থেকে দেওয়া স্বাস্থ্যসনদ পরীক্ষার নির্দেশনা কুয়েতের বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখা উচিত উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বিষয়টি স্বাস্থ্য এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে গুরুত্ব দিয়ে দেখা উচিত। তারা তিন পক্ষ বসে কুয়েত সরকারের সঙ্গে কথা বলা উচিত। তাদেরকে জিজ্ঞেস করা উচিত তারা যে অর্ডার দিলো তাহলে এই সেন্টারগুলো কিভাবে প্রয়োজনীয় কাজগুলো করবে। কারণ আইইডিসিআর ছাড়া এই টেস্ট করার ক্ষমতা কিন্তু কারও নেই। এই বিষয়টি কুয়েত সরকার জানে কিনা সেটাও একটা প্রশ্ন। তাদেরকে জানানোর দায়িত্ব বাংলাদেশ মিশনের। আর কুয়েতের যদি নিজস্ব মেডিক্যাল সেন্টার এখানে থেকে থাকে এবং তারা যদি কিট সরবরাহ করে থাকে, তার জন্য কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। অন্যথায় টেস্টের নামে আমাদের কর্মীদের কাছ থেকে কতগুলো টাকা দুষ্টচক্র হাতিয়ে নেবে।’

এ বিষয়ে কুয়েতের বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ও হেড অব চেনসারি মোহাম্মদ আনিসুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা বিষয়টি কুয়েত সরকারকে জানিয়েছি। তারা জরুরি ভিত্তিতে দুই একদিনের মধ্যে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।’

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম