পোশাক শিল্পসহ সব প্রাইভেট সেক্টরে ছয় মাস মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। শুক্রবার (৬ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।
ফেডারেশন সভাপতি আমিরুল হক আমিন বলেন, ‘সরকার পাবলিক সেক্টরের মেটারনিটি (মাতৃত্বকালীন) ছুটি ইতোমধ্যে ছয় মাস ঘোষণা ও কার্যকর করেছে। কিন্তু দেশের অর্থনৈতিক মূল চালিকাশক্তি গার্মেন্টস সেক্টরসহ সব প্রাইভেট সেক্টরে এই ছুটি এখনও চার মাস। তাই গার্মেন্টস সেক্টরসহ সব প্রাইভেট সেক্টরে মেটারনিটি ছুটি ছয় মাস করার দাবি জানাচ্ছি।’
সমাবেশে আরও উপস্থিত ছিলেন নারী শ্রমিক নেত্রী আরিফা আক্তার, সাফিয়া পারভীন প্রমুখ।
সমাবেশ শেষে তারা একটি র্যালি বের করে। র্যালিটি হাইকোর্ট চত্বর, পল্টন মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তোপখানা রোডে শেষ হয়।








