রাজধানীর রামপুরা এলাকা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্টিকারযুক্ত একটি প্রাইভেটকারসহ ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব-৩)। মঙ্গলবার (৯ মার্চ) বিকালে র্যাব-৩ এর অপারেশন অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) এ বি এম ফায়জুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
আটক পাঁচ ছিনতাইকারী হলো- ফেনীর মো. গিয়াস উদ্দিন মাহমুদ (৪৪), কুমিল্লার মো. মোশারফ হোসেন মোরশেদ (৩২), হবিগঞ্জের মো. বিল্লাল মিয়া (৪০), নোয়াখালীর মো. সিদ্দিক (৩০) ও রংপুরে মো. আনোয়ার হোসেন (২৬)।
অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম ফায়জুল ইসলাম জানান, সোমবার (৮ মার্চ) রামপুরার সি ব্লকের ৪ নম্বর রোডের ওয়েলবিয়িং ফার্মেসির সামনে অভিযান চালিয়ে ডিএমপির স্টিকারযুক্ত প্রাইভেটকারসহ তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪ টি চাঁপাতি, ১ টি চাকু, ৫ টি মোবাইল ফোন, ৯ টি মোবাইল সিমকার্ড, ১ টি মানিব্যাগ, ১ টি ঘড়ি এবং নগদ ৪২০ টাকা জব্দ করা হয়।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটক আসামিরা দীর্ঘদিন রামপুরাসহ ঢাকার বিভিন্ন এলাকায় ছিনতাই কর্ম চালিয়ে আসছিল। রাস্তায় চলাচলরত জনসাধারণকে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে, আবার জখম করে টাকা-পয়সা, মোবাইল ফোন, সোনার অলংকারসহ মূল্যবান সরঞ্জামাদি ছিনিয়ে নিতো। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








