করোনা মোকাবিলায় সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্নতার নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে হলে আমাদের প্রয়োজন সামাজিক সচেতনতা। ব্যক্তিগত থেকে পরিচ্ছন্নতার পাশাপাশি নিজের আশপাশের পরিষ্কার-পরিচ্ছন্নতাও নিশ্চিত করতে হবে, সবাই মিলে সুস্থ থাকবো।’
সোমবার (৯ মার্চ) সকালে রাজধানীর মোহাম্মদপুর নূরজাহান রোড এলাকায় পরিচালিত এক পরিচ্ছন্নতা অভিযানে তিনি এসব কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, নাগরিকদের সচেতন হতে হবে, যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না। যথাস্থানে ময়লা ফেলার অভ্যাস আমাদের করতে হবে। নিজ নিজ আবাসস্থল, এলাকা, এলাকার জলাধার নিজেদেরকেই পরিষ্কার রাখতে হবে।
মেয়র বলেন, ডিএনসিসি একটি চিরুনি অভিযান শুরু করেছে। সপ্তাহে দুই দিন যেকোনও ওয়ার্ডে যেকোনও সময় এই অভিযান অব্যাহত থাকবে। সঙ্গে থাকবে ম্যাজিস্ট্রেট। যদি নিজ নিজ আবাসস্থলের পেছনে ময়লা-আবর্জনা পাওয়া যায়, তাহলে আমরা জরিমানা করবো। আমার বাসার সামনে যেমন পরিষ্কার থাকবে পেছনেও তেমন পরিষ্কার থাকতে হবে। আমরা যারা বসবাস করি আমাদের জায়গাটি কেন আমরা পরিষ্কার করবো না? এগুলো কিন্তু সিটি করপোরেশনের পক্ষে করে দেওয়া সম্ভব না।
এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও বিশেষ পরিচ্ছন্নতায় চিরুনি অভিযান কার্যক্রমে মেয়র আতিকুল ইসলাম আরও বলেন, দুই বাড়ির মাঝখানে যে আঙিনা বা ল্যান্ড, বাসার ১০ তলা, ৯ তলা, ৮ তলা বা ছাদের ওপরে, ঘরের ব্যালকনি, বারান্দা, গ্যারেজে এডিস মশা জন্ম নিচ্ছে। এসব স্থানে গিয়ে মশার লার্ভা ধ্বংস করা সিটি করপোরেশনের একার পক্ষে সম্ভব নয়। এজন্য সবাইকে সচেতন হতে হবে।
যেখানেই অপরিচ্ছন্নতা, নাগরিক স্বাস্থ্যের জন্য হুমকি এডিস মশার বংশবিস্তারে সহায়ক পরিবেশ পাওয়া যাবে, সেখানেই জরিমানা ও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মেয়র আতিকুল ইসলাম।








