বাংলাদেশের নদী-নালা-খাল-বিল এবং এর পানির সঙ্গে আমাদের অস্তিত্ব জড়িত রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেছেন, ‘নদীর সমস্যা শুধু আমাদের সমস্যা নয়। এই সমস্যা শুধু ভারত-বাংলাদেশের সমস্যা নয়। নদীগুলো আন্তর্জাতিক নদী। ভারতের সঙ্গে আমাদের নদীগুলোর সমস্যা সমাধানের জন্য আন্তর্জাতিক জনমতকে আমাদের পক্ষে আনতে হবে।’
বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘নদী-পানি-জাতীয় স্বার্থ রক্ষা আন্দোলন’ আয়োজিত এক সংবাদ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘পানির সংগ্রাম আমাদের দীর্ঘ দিনের সংগ্রাম। এই সংগ্রাম অত্যন্ত প্রয়োজনীয়। কেননা পানির সঙ্গে আমাদের অস্তিত্ব জড়িত। আমাদের দেশ মানুষের বসবাসের উপযোগী থাকবে কিনা তা নির্ভর করছে পানি সমস্যার সমাধান আমরা করতে পারবো কিনা তার ওপর।’
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘নদীর পাশাপাশি সমুদ্রের সমস্যাগুলোও চিহ্নিত করতে হবে। আমরা সমুদ্রকে উপেক্ষা করতে পারি না। সমুদ্রের নিচে এবং ওপরে যে সম্পদ আছে, আমাদের সেদিকেও লক্ষ্য রাখতে হবে। সমুদ্রের ওপর আমাদের যে অধিকার রয়েছে, সেই অধিকারকেও আমাদের রক্ষা করতে হবে।’
নদী-পনি-জাতীয় স্বার্থ রক্ষা আন্দোলনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনটির সদস্য সচিব নঈম জাহাঙ্গীর।
আরও উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বাসদ নেতা কমরেড খালেকুজ্জামান, বজলুর রশীদ ফিরোজ, বাম গণতান্ত্রিক জোটের নেতা মোশারফ হোসেন নান্নু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, পানি বিশেষজ্ঞ প্রকৌশলী ম. এনামুল হক প্রমুখ।








