ভারতের দিল্লিতে কোয়ারেন্টাইনে থাকা ২৩ বাংলাদেশি শনিবার (১৪ মার্চ) দেশে ফিরছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। শুক্রবার (১৩ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এ তথ্য জানান।
ডা. আবুল কালাম আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দিল্লিতে তারা কোয়ারেন্টাইনে ছিল, সার্টিফিকেটও দেওয়া হয়েছে তাদের– কাজেই তারা স্বাভাবিক যাত্রীর মতোই দেশে আসবেন।’
এ সময় সংবাদমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘তারা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন সেদিকে আমাদের অত্যন্ত সজাগ থাকতে হবে। সবাইকে অনুরোধ, কেউ তাদের প্রতি বিরূপ আচরণ করবেন না। একই সঙ্গে তারা যেন সামাজিকভাবে হেয় না হন এমন কিছুও আমরা করবো না।’
এ বিষয়ে জানতে চাইলে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তারা সুস্থ আছেন, ফিরে আসছেন। কিন্তু তাদের প্রাইভেসির দিকে খেয়াল রাখা আমাদের কর্তব্য।’
তিনি গণমাধ্যমের উদ্দেশে বলেন, ‘তারা দেশে ফিরে যেন কোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখার জন্য আমি অনুরোধ করছি। তাদের পরিচয় প্রকাশ পায়, এমন কোনও তথ্য ও ছবি যেন গণমাধ্যমে আমরা প্রচার না করি, যাতে তারা সামাজিকভাবে হেয় না হয়, কেউ যেন তাদের স্টিগমাটাইজড না করে, আলাদা করে না দেখে।’
প্রসঙ্গত, গত ২৭ ফেব্রুয়ারি ভারতের একটি বিশেষ বিমানে ২৩ জন বাংলাদেশি নাগরিককে চীনের উহান থেকে নিয়ে আসা হয়। ভারতের ওই বিশেষ বিমানটি তাদের নাগরিকদের ফেরত আনার জন্য গিয়েছিল। তাদের সঙ্গে এই বাংলাদেশি নাগরিককেও সে দেশে নিয়ে আসা হয়। তাদের দিল্লি থেকে ৪০ কিলোমিটার দূরে কোয়ারেন্টাইনে রাখা হয়।








