পঞ্চগড় পৌরসভা নির্বাচনে যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া ৫ প্রার্থী আপিলেও তাদের প্রার্থিতা ফিরে পাননি। একজন মেয়রসহ ৫ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে আপিল শুনানি হয়। পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দীন আপিল শুনানিতে অংশ নেন।
জেলা রিটার্নিং অফিসার সূত্রে জানা গেছে, পঞ্চগড় পৌরসভা নির্বাচনে মেয়র পদে চারজন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাইয়ে জেলা রিটার্নিং অফিসার মো. মাহমুদুল আলম মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেক, সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী রাহেনা বেগম, রেহেনা আক্তার, রেহেনা বেগম রেখা ও খাদিজা হক এবং সাধারণ কাউন্সিলর প্রার্থী জাহেদুল ইসলাম, এটিএম হাসানুজ্জামান পলাশ, নুর আলম, ওসমান গণি, রফিকুল ইসলাম, আব্দুল মালেক ও আবু তালেবের মনোনয়নপত্র বাতিল করেন।
যাচাই-বাছাইয়ের পর মেয়রসহ ১০ কাউন্সিলর প্রার্থী জেলা প্রশাসকের কাছে আপিল করেন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী রেহেনা আক্তার আপিল করেননি।
আপিলের শুনানি শেষে জেলা প্রশাসক মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেক, সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী রেহেনা বেগম রেখা, খাদিজা হক, সাধারণ কাউন্সিলর প্রার্থী জাহেদুল ইসলাম, এটিএম হাসানুজ্জামান পলাশ ও ওসমান গণির মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন।
ভুল ক্রুটি কম থাকায় জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দীন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী রাহেনা বেগম, সাধারণ কাউন্সিলর প্রার্থী নুর আলম, রফিকুল ইসলাম, আব্দুল মালেক ও আবু তালেবের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন।
পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দীন জানান, আপিলে একজন মেয়র প্রার্থী ও ৪ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। আর ৫ কাউন্সিলর প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে।
/এসটি/








