নিখোঁজ ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে সুস্থ অবস্থায় ও নিরাপদে ফেরত চেয়ে মানববন্ধন করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে নিখোঁজ কাজলের ছেলে মনোরম পলক ও তার সহপাঠীরা। মানববন্ধনে মনোরম পলক বলেন, ‘কথা একটাই, বাবাকে সুস্থ অবস্থায় ফেরত চাই। আর কিছু বলার নেই।’
মানববন্ধনে সংহতি প্রকাশ করে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু বলেন, যে মানুষটা ৬ দিন ধরে নিখোঁজ, তাকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। শুধু সাংবাদিক হিসেবে নয়, নাগরিক হিসেবেও যেন এই সুবিধা পেতে পারি সেই ব্যবস্থা রাষ্ট্রকে করতে হবে। গণমাধ্যমে স্বাধীনভাবে কাজ করতে সেই কর্মপরিবেশ তৈরি করতে হবে। যদি ভয়ভীতি নিয়ে কাজ করতে হয় তাহলে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে না। আমরা নিরাপদ ও চাপমুক্ত পরিবেশ চাই।
প্রসঙ্গত, গত ৯ মার্চ মানবজমিন সম্পাদক মতিউর রহমান ও শফিকুল ইসলাম কাজলসহ ৩২ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর। মামলার একদিন পর ১০ মার্চ থেকে নিখোঁজ রয়েছেন কাজল।








