রাজধানীর মুগদায় ছিনতাইকারীর হাতে তারিনা বেগম লিপা নামের একজন নারী নিহতের ঘটনায় দায়ের করা পৃথক তিন মামলায় চার জনকে বিভিন্ন মেয়াদের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার (১৫ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান রিমান্ড শুনানি শেষে এই আদেশ দিয়েছেন।
আসামিরা হলো- মো. মিজুয়ান মিয়া (২৯), শেখ লিটন (৩৮), মো. আবদুল মজিদ (৩৩) ও মো. রফিক হাওলাদার (৪২)।
রবিবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ পরিদর্শক আরিফ মামলার সুষ্ঠু তদন্তের জন্য হত্যা মামলায় দশ দিন, ডাকাত ও অস্ত্র মামলায় সাত দিন করে রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে বিচারক হত্যা মামলায় আসামি রফিকের একদিন, লিটন ও মজিদের তিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। ডাকাতির মামলায় লিটন, মিজুয়ান ও মজিদের একদিন এবং অস্ত্র মামলায় লিটন, মিজুয়ান ও মজিদকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা জিআরও উপপরিদর্শক আবু ইউসুফ এই তথ্য জানান।
এদিন আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অপর দিকে রাষ্ট্রপক্ষের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আবু ইউসুফ জামিন নামঞ্জুর চেয়ে রিমান্ডের দাবি করেন।
উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি মুগদা এলাকায় প্রাইভেটকারে থাকা ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে লিপা গুরুতর আহত হন। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।








