দেশে করোনা ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে বিদেশফেরতদের আরও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘বিদেশফেরতরা কেউ তথ্য গোপন করবেন না। ভ্রমণের তথ্য গোপন করলে আপনাকে খুঁজে বের করা কঠিন হবে। দেশের ভালো আপনাকেই বুঝতে হবে। তাই নিজ দায়িত্বে তথ্য জানাবার পাশাপাশি নিজেরা হোম কোয়ারেন্টাইনে যাবেন।’
বুধবার (১৮ মার্চ) নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশে করোনা আক্রান্ত একজনের মৃত্যুর কথা সাংবাদিকদের অবহিত করে তিনি নাগরিকদের আরও সচেতন আচরণ করার আহ্বান জানান।
সেব্রিনা ফ্লোরা বলেন, ‘করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে একজন মারা গেছেন। তার বয়স ৭০-এর বেশি। তিনি বিদেশে যাননি। বিদেশ থেকে আসা একজনের দ্বারা সংক্রমিত হয়েছেন। তিনি ডায়াবেটিক, উচ্চ রক্তচাপ, কিডনি সমস্যা ও হৃদরোগে ভুগছিলেন।’
আইইডিসিআর পরিচালক আরও বলেন, বিদেশফেরতদের ক্ষেত্রে আমরা বিভিন্ন ঠিকানা সংগ্রহ করে হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করছি। কিন্তু সেক্ষেত্রেও আমাদের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। কেননা পাসপোর্টের ঠিকানায় অনেকেই বসবাস করেন না। আবার পাসপোর্টে ঠিকানা দেওয়া আছে, তবে অনেকে অন্য জায়গায় বাস করছেন। এতে করে সমস্যার সৃষ্টি হচ্ছে।
প্রসঙ্গত, গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হন। এরপর বুধবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৪ জন। নতুন করে আক্রান্তের মধ্যে একজন নারী ও তিন জন পুরুষ রয়েছেন। আক্রান্তদের একজন আগে যারা আক্রান্ত ছিলেন তাদের পরিবারের সদস্য। বাকি তিন জন বিদেশ থেকে এসেছেন। এদের দুই জন ইতালি, একজন কুয়েত থেকে এসেছেন। এখন পর্যন্ত ১৬ জন আইসোলেশনে আছেন। আর ৪২ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন।








