আসন্ন পৌরসভা নির্বাচনে জেলার প্রথম শ্রেণির নেত্রকোনা পৌরসভায় এখনও নির্বাচনি কোনও আমেজের দেখা নেই। এ বছর প্রথমবারের মতো দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন আওয়ামী লীগ, বিএনপি ও অন্যান্য দলের প্রার্থীরা।
নির্বাচনে সরকারি দলের প্রভাব থাকতে পারে এমন ধারণাও কাটিয়ে উঠতে পারেনি অন্যদলের প্রার্থীরা। তাই তারা এখনও তেমন ভাবে প্রচারণায় নামেননি। তবে সরকারি দলের প্রার্থী আলহাজ নজরুল ইসলাম শহরের বিভিন্ন স্থানে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
বিএনপি মনোনীত প্রার্থী একাধিক মামলার আসামি এস এম মনিরুজ্জামান দুদু এখনও গ্রেফতার আতঙ্ক কাটিয়ে উঠতে না পারলেও রবিবার দুপুরে শহরের বড় বাজার বাণিজ্যিক এলাকায় ভোটার ও সাধারণ মানুষের দোয়া ও সমর্থন প্রত্যাশায় আংশিক গণসংযোগ চালিয়েছেন। তবে দলের সিনিয়র নেতারা এখন পর্যন্ত তার সঙ্গে প্রচারণায় অংশ নেননি। দলের সাধারণ নেতা-কর্মীরা ভাবছেন কাউন্সিল হওয়ার দীর্ঘদিন পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন না হওয়ায় এমনটা হতে পারে।
অপরদিকে শহরের মানুষ প্রগতিশীল দাবি করে বিপ্লবী ওয়ার্কাস পার্টির মনোনীত প্রার্থী সজিব সরকার রতন প্রগতির পক্ষে রায় দেওয়ার জন্য ভোটারদের মনোযোগ আকর্ষণে কাজ করছেন। শহরের সচেতন নাগরিকদের ধারণা পৌর নির্বাচনে ভোটারা যদি সঠিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে অবশ্যই শহরের উন্নয়নে যিনি কাজ করবেন তাকেই নির্বাচিত করবে ভোটারা।
১৮৮৭ সালে স্থাপিত নেত্রকোনা সদর পৌরসভায় পুরুষ ভোটার ২৮,৭৩২ জন ও মহিলা ২৯,৬৬৪ জনসহ মোট ৫৮,৩৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে নগর পিতা নির্বাচিত করবেন।
/জেবি/টিএন/
/আপ: আরএ/








