খিলগাঁওয়ে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত সোহেল হাওলাদারকে বিমানবন্দর থেকে আটক করেছিল পুলিশ। রবিবার (২২ মার্চ) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন সোহেলের ভাই মোহাম্মদ জামাল হাওলাদার।
তিনি জানান, সোহেলের পুরো নাম সোহেল হাওলাদার ঝুনা। তার বয়স ৩০ বছর। ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পুকুরপাড় গ্রামের বাসিন্দা সে। তার ভাই বর্তমানে মুগদা এলাকায় স্ত্রী শাহনাজকে নিয়ে থাকতো।
মোহাম্মদ জামাল হাওলাদার অভিযোগ করে জানান, শনিবার বিকাল সাড়ে পাঁচটায় চট্টগ্রাম থেকে বিমানে ঢাকার বিমানবন্দর এসে নামলে সোহেলকে সেখান থেকে পুলিশ আটক করে। এরপর তাকে খিলগাঁও থানায় হস্তান্তর করা হয়।
মোহাম্মদ জামাল হাওলাদারের দাবি, সোহেল একজন সফল ব্যবসায়ী। তার বিরুদ্ধে একটি মারামারির মামলা ও ষড়যন্ত্রমূলক মামলা ছিল।
রবিবার পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সোহেল হাওলাদার নিহত হয়। পুলিশের দাবি, সোহেলের বিরুদ্ধে খুন ও মাদকসহ ডজনখানেক মামলা রয়েছে।








