সিলেটের গোলাপগঞ্জ পৌরসভায় হাইকোর্টের নির্দেশে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী। এছাড়া কানাইঘাট পৌরসভায় একজন মেয়র এবং দু’জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। জেলার বাকি দুই পৌরসভা-জকিগঞ্জ ও গোলাপগঞ্জে কোনও প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
কানাইঘাটের রিটার্নিং অফিসার খালেদুর রহমান জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে রোববার কানাইঘাটে স্বতন্ত্র মেয়র প্রার্থী সুলতান আহমদ এবং ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শরীফ উদ্দিন ও ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রুহুল আমিন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
গোলাপগঞ্জের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার আজিজুল ইসলাম জানান, সেখানকার মেয়র প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরীর প্রার্থিতা ফিরে পাওয়া সংক্রান্ত একজন আইনজীবীর সার্টিফিকেট তিনি পেয়েছেন। তবে, আদেশের মূল কপি এখনও পাননি।
প্রার্থিতা বাতিল হয়ে যাওয়ায় বৃহস্পতিবার তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত তার পক্ষে রায় দেন। এদিকে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সেখানে কোনও প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি বলে জানান তিনি।
এছাড়া, জকিগঞ্জ পৌরসভায় কোনও প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি বলে রিটার্নিং অফিসার মোবাশ্বেরুল ইসলাম জানিয়েছেন।
/টিএন/
আপ-এআর








