সোমবার প্রতীক বরাদ্দ পাচ্ছেন পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের অব্যবহিত পরবর্তী দিন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের কথা রয়েছে। এ হিসেবে রিটার্নিং কর্মকর্তারা সোমবার সব প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেবেন।
এদিকে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে সোমবার থেকে প্রার্থীরা প্রতীক নিয়ে প্রচারণা চালাতে পারবেন। ফলে এদিন থেকেই প্রার্থীরা জোরেশোরে প্রচারণা শুরু করবেন। অবশ্য গত ৯ ডিসেম্বর থেকেই পৌর নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে।
২৩৪ পৌরসভায় আগামী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের ৩২ ঘণ্টা আগে প্রার্থীদের প্রচারণা বন্ধ করতে হবে।
প্রতীক বরাদ্দের বিষয়ে জানতে চাইলে বগুড়ার গাবতলি পৌরসভার রিটার্নিং অফিসার ইউনুচ আলী বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা সোমবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেব। বিধি অনুযায়ী রাজনৈতিক দলের মনোনীত মেয়র প্রার্থীরা তাদের দলীয় প্রতীকই বরাদ্দ পাবেন। স্বতন্ত্রপ্রার্থীরা অন্য প্রতীকগুলো থেকে পছন্দের বেছে নিতে পারবেন। তবে, কোনও প্রতীক একাধিক প্রার্থী পছন্দ করলে লটারির মাধ্যমে তা নির্ধারণ করা হবে।
পৌরসভা নির্বাচন বিধিমালা অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত মেয়র প্রার্থীর জন্য মোট ৪০টি প্রতীক নির্ধারণ করা হয়েছে। এছাড়া মেয়র পদে স্বতন্ত্রপ্রার্থীদের জন্য ১২টি প্রতীক, সংরক্ষিত কাউন্সিলর পদের নির্বাচনের জন্য ১০টি ও সাধারণ আসনের জন্য ১২টি বরাদ্দ রাখা হয়েছে। এর বাইরে প্রতিটি পদের বিপরীতে কমিশন অতিরিক্ত কিছু প্রতীক বরাদ্দ করে রাখা হয়েছে। কোনও নির্দিষ্ট পদে নির্ধারিত প্রতীকের চেয়ে বেশি প্রার্থী হলে সেক্ষেত্রে অতিরিক্ত প্রতীক থেকে সেখানে বরাদ্দ দেওয়া হবে।
মেয়র পদের জন্য নির্ধারিত প্রতীক: ৪০ রাজনৈতিক দলের ৪০টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এগুলো হলো— ছাতা, বাইসাইকেল, চাকা, গামছা, কাস্তে, নৌকা, ধানের শীষ, কবুতর, কুঁড়ে ঘর, হাতুড়ি, কুলা, লাঙ্গল, মশাল, তারা, গোলাপ ফুল, মই, গরুর গাড়ি, ফুলের মালা, বটগাছ, হারিকেন, আম, খেঁজুর গাছ, উদীয়মান সূর্য, মাছ, বাঘ, গাভি, কাঁঠাল, চাবি, চেয়ার, হাতঘড়ি, মিনার, রিকশা, হাত পাখা, মোমবাতি, হুক্কা, কোদাল, দেওয়ালঘড়ি, হাত (পাঞ্জা), ছড়ি ও টেলিভিশন।
মেয়র পদের জন্য স্বতন্ত্রপ্রার্থীদের প্রতীকগুলো হলো— ইস্ত্রি, কম্পিউটার, ক্যারামবোর্ড, চামচ, জগ, টাই, নারিকেল গাছ, বড়শি, মোবাইলফোন, রেলইঞ্জিন, হ্যাঙ্গার ও হেলমেট।
মেয়র পদে অতিরিক্ত প্রতীকগুলো হচ্ছে প্রথম তালিকায় মোটরসাইকেল, ক্রিকেট ব্যাট, বালতি, কাপ-পিরিচ, টেবিল ও ইলিশ মাছ এবং দ্বিতীয় তালিকায় টেবিল ঘড়ি, আনারস, দোয়াত কলম ও মোরগ।
সাধারণ কাউন্সিলর পদের প্রার্থীদের প্রতীক: সাধারণ কাউন্সিলর পদের প্রতীক হচ্ছে উটপাখি, গাজর, টিউবলাইট, টেবিল ল্যাম্প, ডালিম, ঢেঁড়শ, পাঞ্জাবী, পানির বোতল, ফাইল কেবিনেট, ব্রিজ, ব্ল্যাক বোর্ড ও স্ক্রু ডাইভার। এ পদের অতিরিক্ত প্রতীকগুলো হচ্ছে প্রথম তালিকায় তবলা, বাঁশি, নোঙর, একতারা, মাইক ও টিউবওয়েল এবং দ্বিতীয় তালিকায় প্রদীপ, তালা, চিংড়ি ও ডিশ এন্টেনা।
সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীদের প্রতীক: সংরক্ষিত আসনের প্রতীক হচ্ছে আঙ্গুর, গ্যাসের চুলা, চকলেট, চুড়ি, পুতুল, ফ্রক, কাঁচি, ভ্যানিটি ব্যাগ, মৌমাছি ও হারমোনিয়াম। এ পদে অতিরিক্ত প্রতীকগুলো হচ্ছে- প্রথম তালিকায় সিংহ, হেলিকপ্টার, বই, ফুটবল, বৈদ্যুতিক পাখা, ক্যামরা এবং দ্বিতীয় তালিকায় মোড়া, পদ্মফুল, টিয়া পাখি ও পানপাতা।
/ইএইচএস/ এএইচ/








