করোনা পরিস্থিতিতে খব খারাপ অবস্থায় রয়েছেন দুস্থ ও নিম্ন আয়ের মানুষেরা। অসহায় এমন বেশ কিছু মানুষের পাশে এসে দাঁড়িয়েছে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা রোডে অবস্থিত বিসিআইসি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের তিন ছাত্র সাইফুর রহমান, শাকিল খান ও এম মাহীউজ্জামান শাওন। টিফিনের বেঁচে যাওয়া টাকায় ওই তিন ছাত্র শনিবার (১১ এপ্রিল) দুপুর থেকে বিকাল পর্যন্ত মিরপুর এক নম্বর সেকশনের রাস্তায় হেঁটে হেঁটে দুস্থ, অসহায় ও কর্মহীন মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন।
কলেজ পড়ুয়া ছাত্ররা জানান, করোনাভাইরাসের কারণে চারদিকে লকডাউন অবস্থা। ফলে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষগুলো অসহায় অবস্থায় পড়েছেন। তাদের কথা চিন্তা করেই আমরা তিন বন্ধু আলোচনা করি। কী করা যায়, তা নিয়ে আলোচনার পর নিজেদের জমানো টিফিনের টাকা দিয়ে অসহায় মানুষদের সহযোগিতার সিদ্ধান্ত নেই। কিন্তু তিন জনের টাকা একত্রিত করে খুবই কম মনে হলো। এরপর আমাদের অভিভাবকদের কাছে জানালে তারাও উৎসাহ দেন।
‘এরপর বন্ধুবান্ধবদের কাছে আমাদের পরিকল্পনার কথা জানাই। অনেকেই আমাদের আহ্বানে সাড়া দিয়েছে। বন্ধুদের পাঠানো টাকা একত্রিত করে বেশ কিছু টাকা হয়। তা দিয়েই চাল, ডাল, তেল, আলু, আটা আর পেঁয়াজ কিনে বিতরণ করেছি। তবে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। বন্ধুদের পাঠানো টাকা জমিয়ে একত্রিত করে আবারও আমরা এ কাজে মাঠে নামবো।’
ত্রাণ বিতরণের বিষয়ে তারা বলেন, নিজেদের জমানো টিফিনের টাকা আর বন্ধুবান্ধব, সহপাঠীদের দেওয়া টাকা একত্রিত করে ৫০ জন দরিদ্র মানুষকে সহায়তা দিয়েছি। প্রত্যেককে পাঁচ কেজি চাল, এক কেজি মসুরের ডাল, এক কেজি আটা, দেড় কেজি পেঁয়াজ, এক কেজি আলু ও আধা লিটার সয়াবিন তেল দেওয়া হয়েছে। এই ত্রাণ বিতরণের সময় যেন ভিড় না হয় সেজন্য পায়ে হেঁটে ত্রাণ বিতরণ করেছি। করোনা পরিস্থিতিতে শুধু সরকারের দিকে তাকিয়ে না থেকে অসহায়দের পাশে সব সামর্থ্যবানদের দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এই তিন শিক্ষার্থী।








