নেই মঙ্গলশোভাযাত্রার কোনও প্রস্তুতি। নেই শেষ মুহূর্তের রঙ তুলিতে ভরে ওঠা প্রাঙ্গণ। করোনাভাইরাসের প্রভাবে সব অনুষ্ঠান বাতিল করায় এবার নেই কোনও আয়োজন। প্রতিবছর এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থাকে লোকে লোকারণ্য। শেষ মুহূর্তে তুলির আঁচড় দেন শিল্পীরা। আর সাধারণ মানুষ রঙিন মুখোশ কিনে পরের দিনের শোভাযাত্রার প্রস্তুতি শেষ করেন।
সোমবার (১৩ এপ্রিল) চারুকলার সামনে গিয়ে এই বিবর্ণ রূপ দেখতে পাওয়া যায়। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় কোনও শিক্ষার্থীও নেই। প্রধান ফটক বন্ধ। কেবল সহকারী কয়েকজন ভবনের ভেতরের অংশে ভাস্কর্যগুলো পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করছেন। নতুন বছরে এবার উদযাপন নেই, কেবলই ফাঁকা আর নিস্তব্ধ চারপাশ। ছবি তুলেছেন সাজ্জাদ হোসেন।








