রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের একজন চিকিৎসকের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এরপর রবিবার (১৯ এপ্রিল) রাতে অর্গান ট্রান্সপ্লান্ট ইউনিট সাময়িক লকডাউন ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ফলে ১৪ দিনের জন্য বন্ধ হয়ে গেলো এই হাসপাতালের ভাসকুলার ও নিউরো সার্জারি বিভাগ।
এছাড়াও ভাসকুলার সার্জারি, নিউরো সার্জারি, অ্যানেস্থেসিয়ার ১৭ জন চিকিৎসক এবং ১০ থেকে ১২ জন সিস্টার কোয়ারেন্টিনে যাচ্ছেন।
হাসপাতালের ভাসকুলার সার্জারি বিভাগ সূত্র জানিয়েছে, আক্রান্ত চিকিৎসক নিউরো সার্জারি বিভাগের হলেও ভাসকুলার বিভাগ ও নিউরো সার্জারি বিভাগের চিকিৎসকরা একই অপারেশন থিয়েটার, একই চেঞ্জরুম ব্যবহার করেন।
ভাসকুলার সার্জারি বিভাগের চিকিৎসকরা জানান, নিউরো সার্জারি বিভাগের আক্রান্ত চিকিৎসক গত ১৪ এপ্রিল ২৪ ঘণ্টা ডিউটিতে ছিলেন। ১৫ এপ্রিল তিনি অসুস্থ হয়ে যান। সেদিন ভাসকুলার সার্জারি বিভাগের চিকিৎসকদের সংস্পর্শেও গিয়েছিলেন তিনি। রবিবার বিকালে তার রিপোর্ট পাওয়া গেছে, সেখানে করোনা পজিটিভ এসেছে। কাল আরও দুজন চিকিৎসকের পরীক্ষা করা হবে।








