করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ সেশনের এক শিক্ষার্থী। অনাবাসিক এই শিক্ষার্থীর বাসা মোহাম্মদপুরে। বুধবার (২২ এপ্রিল) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত ১২ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীসহ দুই শিক্ষার্থী করোনায় আক্রান্ত হন। তবে তারা এখন সুস্থ রয়েছেন।
আক্রান্ত হিসাববিজ্ঞান বিভাগের ওই শিক্ষার্থী জানিয়েছেন, রাজধানীর মোহাম্মদপুর এলাকায় থাকা অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি।
অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘একজন শিক্ষার্থীর টেস্টে পজিটিভ এসেছে। অনাবাসিক ওই শিক্ষার্থী মোহাম্মদপুরে তার বাসায় থাকে। তার সঙ্গে যোগাযোগ রয়েছে। সে ভালো আছে।’
আগে আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর বিষয়ে জানতে চাইলে প্রক্টর বলেন, ‘আগে আক্রান্ত হওয়া দুই শিক্ষার্থীর সঙ্গেও কথা হয়েছে। তারাও ভালো আছে।’








