মূল্যে কারসাজি ও নিত্যপণ্যের মূল্য তালিকা সংরক্ষণ না করা, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে সারাদেশে পাইকারি ও খুচরা বাজারে ১৮৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ লাখ ৯ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
রবিবার (২৬ এপ্রিল) সারাদেশে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয় বলে জানান প্রতিষ্ঠানটির উপপরিচালক মাসুম আরেফিন।
তিনি জানান, রবিবার ঢাকাসহ সারাদেশে ৯৭টি বাজারে (পাইকারি ও খুচরা) এ অভিযান চালানো হয়।
মাসুম আরেফিন আরও জানান, অতিরিক্ত মূল্যে আদা বিক্রির দায়ে শ্যামবাজারের আদা ব্যবসায়ী আয়নাল অ্যান্ড সন্স সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া মানিকগঞ্জ ও ফরিদপুরে অভিযান চালানোর পর আদার দাম কেজিতে ১৫০ টাকা কমে গেছে।
অভিযান প্রসঙ্গে প্রতিষ্ঠানটির মহাপরিচালক বাবলু কুমার সাহা বলেন, ‘রমজানে ও করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে রাজধানী ঢাকাসহ সারাদেশে বাজার তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে। কোনও অসাধু ব্যক্তি নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ও মান নিয়ে কারসাজি করলে জিরো টলারেন্স দেখানো হবে।’
এছাড়া, নিত্যপণ্যের উৎপাদনকারী,আমদানিকারক, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের নিত্যপণ্যের ক্রয় মূল্যের ভাউচার এবং মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন করতে ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রির জন্য আহ্বান জানান তিনি।








