বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে প্রধান বিচারপতির বাসভবনে তার সঙ্গে দেখা করতে যান বেনজীর।
পুলিশ হেড কোয়ার্টার্স থেকে পাঠানো এক প্রেস নোটে এই তথ্য জানানো হয়।
প্রেস নোটে বলা হয়েছে, সাক্ষাৎকালে প্রধান বিচারপতি আইজিপিকে আন্তরিক অভিনন্দন জানান এবং তার সার্বিক সাফল্য ও কল্যাণ কামনা করেন। আইজিপি তার দায়িত্ব পালনকালে প্রধান বিচারপতির সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








