স্বাস্থ্য অধিদফতরের ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট কমিটির তৈরি করা নতুন গাইডলাইন অনুযায়ী এপর্যন্ত দেশে করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ৬৩ জন। রবিবার (৩ মে) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, ‘আমাদের ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট কমিটি নতুন একটি গাইডলাইন তৈরি করেছে। আমরা কীভাবে রোগীদের সুস্থ বলতে পারবো এবং তারা হাসপাতাল ত্যাগ করতে পারবে কোন কোন ক্ষেত্রে। এই ক্রাইটেরিয়াতে আমাদের সুস্থ রোগীর সংখ্যা এক হাজার ৬৩ জন। এর মধ্যে ঢাকা সিটির হাসপাতালগুলো থেকে ছাড়া পেয়েছেন ৬২৪ জন এবং বিভিন্ন বিভাগ থেকে ছাড়া হয়েছে ৪৩৯ জনকে। যদি বিভাগ অনুযায়ী বলা হয়, তাহলে মেট্রোপলিটন এলাকা বাদে ঢাকা বিভাগের হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ২৭২ জন, চট্টগ্রাম থেকে ছাড়া পেয়েছে ৭২ জন, রাজশাহী থেকে ২ জন, খুলনা থেকে ৬ জন, বরিশাল বিভাগ থেকে ২৯ জন, সিলেট থেকে ২ জন, ময়মনসিংহ থেকে ৩১ জন এবং রংপুর থেকে ২৫ জন সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন।’
তিনি বলেন, ‘ঢাকা সিটির কুয়েত-মৈত্রী হাসপাতাল থেকে এ পর্যন্ত ছাড়া পেয়েছে ২৯৮ জন, কুর্মিটোলা হাসপাতাল থেকে ২১৩ জন, ইনফেকশাস ডিজিস হাসপাতাল থেকে ২০৮ জন, ঢাকা মহানগর হাসপাতাল থেকে ৩৮ জন এবং রিজেন্ট হসপিটাল থেকে ১৫ জন, সাজেদা ফাউন্ডেশন হসপিটাল থেকে ২২ জন, রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতাল থেকে ২ জন এবং লালকুঠি হাসপাতাল থেকে ৪ জন।’
ডা. নাসিমা সুলতানা আরও বলেন, ‘এই হিসাবে আমাদের এক হাজার ৬৩ জন সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন। আমাদের নতুন ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট কমিটি যে ক্রাইটেরিয়া তৈরি করেছে, সেই অনুযায়ী এসব রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।’
আরও পড়ুন:
করোনায় একদিনে সর্বোচ্চ শনাক্ত, আরও ২ জনের মৃত্যু








