করোনাকালীন সময়ে বেসরকারি মেডিক্যাল কলেজের শিক্ষক, চিকিৎসক ও অন্যান্য স্টাফদের ঈদুল ফিতরের বোনাস না না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বেসরকারি মেডিক্যাল কলেজ মালিক সমিতি। তাদের এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে বিএনপিপন্থী পেশাজীবী সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম এক যৌথ বিবৃতিতে বলেন, এই সিদ্ধান্ত ন্যক্কারজনক, অসম্মানজনক ও অসৌজন্যমূলক। মঙ্গলবার (৫ মে) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা এসব কথা বলেন।
অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে বিবৃতিতে তারা আরও বলেন, সারাদেশের চিকিৎসকরা যখন করোনাভাইরাস মোকাবিলায় নিরলসভাবে কাজ করছে তখন বেসরকারি মেডিক্যাল কলেজ মালিক সমিতির এ সিদ্ধান্ত অনভিপ্রেত ও দুঃখজনক।
তারা আরও বলেন, বেসরকারি মেডিক্যাল কলেজে ছাত্র ভর্তির সময় এককালীন ১৮ লাখ টাকা নেওয়া হয়। তাছাড়া প্রতিমাসে প্রত্যেক ছাত্র থেকে বেতনও নেওয়া হয়। অথচ শিক্ষক, চিকিৎসক যারা মেডিক্যাল কলেজের প্রাণ, যাদের নিরলস শ্রমে মেডিক্যাল কলেজ চলছে তাদের বঞ্চিত করার অপচেষ্টা করা হচ্ছে। অনতিবিলম্বে বেসরকারি মেডিক্যাল কলেজ মালিক সমিতিকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। অন্যথায় চিকিৎসক সমাজকে সঙ্গে নিয়ে ড্যাব এই ধরনের হঠকারী সিদ্ধান্ত প্রত্যাহারে বাধ্য করবে।








