দেশের উপকূলীয় চরাঞ্চলে বসবাসকারী অসহায়, দরিদ্র ও কর্মহীন ২০০ পরিবারের মাঝে ঈদের কাপড় ও খাদ্য সহায়তা দিয়েছে নৌবাহিনী। সন্দ্বীপ ও হাতিয়াসহ উপকূলীয় এসব এলাকায় নিয়োজিত নৌবাহিনীর সদস্যরা শুক্রবার (১৫ মে) দিনব্যাপী এসব সামগ্রী বিতরণ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, দেশের উপকূলীয় চরাঞ্চলের হতদরিদ্র মানুষের হাতে জামা, পাঞ্জাবিসহ বিভিন্ন ঈদের পোশাক তুলে দেন নৌবাহিনীর সদস্যরা। পাশাপাশি চাল, ডাল, তেল, আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
তারা স্থানীয়দের মাঝে জীবাণুনাশক সাবান, মাস্ক বিতরণসহ সচেতনতামূলক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এছাড়া, হাতিয়ায় নিয়োজিত নৌ কন্টিনজেন্ট স্থানীয় ২০০ দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করে।
অন্যদিকে বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে পাওয়া ১১০ প্যাকেট ত্রাণসামগ্রী মোংলা কন্টিনজেন্ট উপজেলার চিলা ইউনিয়নের স্থানীয় গরিব, দুস্থ ও কর্মহীন পরিবারের মাঝে বিতরণ করা হয়।
করোনা পরিস্থিতি মোকাবিলায় দেশের সমুদ্র ও উপকূলীয় প্রত্যন্ত এলাকায় নিয়োজিত নৌবাহিনী কন্টিনজেন্টগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নৌবাহিনীর সদস্যরা স্থানীয় এলাকাগুলোতে নিয়মিত জীবাণুনাশক ওষুধ ছিটানো, প্রত্যন্ত এলাকার বাড়ি বাড়ি গিয়ে স্থানীয় অসহায়, গরিব ও দুস্থদের মাঝে খাদ্য সহায়তা, টহল ও তল্লাশি প্রদানসহ সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।








