ব্যাংকিং সেবা প্রদানের পাশাপাশি দরিদ্র মানুষকে সহায়তা দিতে এগিয়ে এসেছেন ব্যাংকাররা।এর অংশ হিসেবে ১০ হাজার দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছে সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ। রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের এই সংগঠনটি জেলা পর্যায়ের ৫০টি প্রিন্সিপাল অফিস কমিটির মাধ্যমে সারাদেশে ত্রাণ বিতরণ করছে। রবিবার (১৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইতোমধ্যে সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে রাজধানীর বিভিন্ন স্থানে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। রবিবার সকালে মতিঝিলের টিঅ্যান্ডটি কলেজে মাঠে দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়। চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ ও তেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।
এ প্রসঙ্গে সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. আলাউদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি করোনার কারণে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে। দেশব্যাপী আমাদের এ কার্যক্রম চলমান আছে। জেলাভিত্তিক ৫০টি প্রিন্সিপাল অফিস কমিটি কেন্দ্রের মতো তাদের ত্রাণ বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন- সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এসএম লুৎফর রহমান, প্রেসিডিয়াম মেম্বার শরীয়ত উল্লাহ, মুন্সী জাহিদুল রশীদ, বাবুল হাওলাদার, সহ-সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।








