করোনাতে আক্রান্ত হয়েছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। করোনামুক্ত হয়ে দীর্ঘদিন পর তিনি আজ বৃহস্পতিবার (১৮ জুন) কোভিড-১৯ নিয়ে আয়োজিত বুলেটিনে হাজির হয়ে সে কথা নিজেই জানালেন।
তিনি বলেন, ‘বেশ কিছুদিন পর যুক্ত হলাম এই বুলেটিনের উপস্থপনায়। আমিও কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলাম এবং আমাকে বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছিল। এখন সুস্থ হয়ে আজ কয়েকদিন হলো অফিসে যোগদান করেছি এবং কাজ করছি।’
নিজে করোনাতে আক্রান্ত হয়েছিলেন এবং চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরে এসেছেন। যারা করোনাতে আক্রান্ত হচ্ছেন তাদের জন্য পরামর্শ কী জানতে চাইলে পরে বাংলা ট্রিবিউনকে অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘করোনার সঙ্গে বাঁচতে শিখতে হবে, মনোবল ধরে রাখতে হবে।’
যেহেতু করোনা আগামী কয়েক বছর থাকবে তাই স্বাস্থ্যবিধি যেমন মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলার মতো সব স্বাস্থ্যবিধ মেনে চলতে হবে, শক্ত মনোবল নিয়ে করোনার সঙ্গে বাঁচতে শিখতে হবে। পাশাপাশি গরম পানি-আদা চা পান করা, প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে।
তারপরও সমস্যা না গেলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। একইসঙ্গে চিকিৎসকদের প্রতি আহ্বান তারা যেন করোনা সন্দেহ হলে পরীক্ষার জন্য অপেক্ষা না করে দ্রুত চিকিৎসা দেন, যে কোনও মূল্যে মৃত্যুর সংখ্যা কমানোর জন্য সবার্ত্মক প্রচেষ্টা নিতেই হবে।
বয়স বেশি এবং যারা অন্য রোগে আক্রান্ত বিশেষ করে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, শ্বাসতন্ত্রের রোগ যাদের রয়েছে তাদের মৃত্যু ঝুঁকি বেশি। তাদেরকে বেশি সাবধান থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলে মন্তব্য করেন তিনি।








