জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জনের মামলায় দণ্ডিত সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর (২০০৯ থেকে ২০১৫) এপিএস সত্যজিৎ মুখার্জিকে জামিন দেননি হাইকোর্ট। তবে হাইকোর্টের নিয়মিত বেঞ্চ খোলা পর্যন্ত জামিন আবেদনের শুনানি মুলতবি রেখেছেন আদালত।
সোমবার (২২ জুন) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও আইনজীবী মাসুদ উল হক। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী শাহীন আহমেদ।
উল্লেখ্য, ২০০৯ থেকে ২০১৫ পর্যন্ত কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর দায়িত্বে ছিলেন খন্দকার মোশাররফ হোসেন। এসময় তার এপিএস ছিলেন সত্যজিৎ মুখার্জি।
এর আগে ২০১৬ সালের ২৯ জুন ঢাকার রমনা থানায় মামলাটি দায়ের করেন দুদকের উপপরিচালক কেএম মিছবাহ উদ্দিন। একই কর্মকর্তা তদন্ত শেষে পরের বছর ২৩ জুলাই আদালতে চার্জশিট দেন। পরবর্তীতে মামলার বিচারকালে ছয় জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
দুদকের এই মামলায় ২০১৯ সালের ১৪ নভেম্বর ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক জয়নাল আবেদীন সত্যজিৎ মুখার্জিকে সাত বছরের কারাদণ্ড দেন। একইসঙ্গে তাকে এক কোটি ৩৯ লাখ ৪৪ হাজার ১৭৬ টাকা অর্থদণ্ড করেন। ওই দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করে জামিন চান সত্যজিৎ।








