সমুদ্রসম্পদকে অবহেলা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘আমাদের বঙ্গপোসাগরে তেল, গ্যাস, মাছসহ সবই আছে। আর এসব সম্পদ আমাদেরকে কাজে লাগাতে হবে। এজন্য আমাদের কাজ করতে হবে।’
বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে সমুদ্র পরিবেশ নিয়ে কাজ করা সংগঠন ‘সেভ আওয়ার সি’র উদ্যোগে ‘সমুদ্র অর্থনীতির অপার সম্ভাবনা’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল অব. ফোরকান আহমদের সভাপতিত্বে ও সেভ আওয়ার সি’র সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ারুল হকের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন সেভ আওয়ার সি’র প্রধান বিজ্ঞানী ও সমুদ্র বিশেষজ্ঞ ড. আনিসুজ্জামান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আল মোজাদ্দেদি আলফেসানি, এমবিবিসিএল-এর সাবেক সভাপতি সায়েদ মোয়াজ্জেম হোসেন, এসএসও’র সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা মো. জাকারিয়া ও গ্রিন টেক ফাউন্ডেশনের সিইও মো. লুৎফর রহমান।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর আহসান হাবিব।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘সমুদ্র অর্থনীতি ও সমুদ্রসম্পদের অপার সম্ভাবনার ক্ষেত্রে এখন থেকে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে।’ তিনি উল্লেখ করেন, সাগর তথা বঙ্গোপসাগর আমাদের সম্পদ। এই সম্পদকে আমরা অবহেলা করছি। পশ্চিম, উত্তর ও পূর্ব দিকে আমাদের বের হবার পথ নেই, পথ আছে একমাত্র দক্ষিণ দিকে, তথা সাগরের দিকে।
তিনি বলেন, ‘এই সাগরে তেল, গ্যাস, মাছসহ সবই আছে। আর এখানে শুধু সাগরই নয়, পাহাড়, বন ও উপকূল আছে। এসব সম্পদ আমাদের কাজে লাগাতে হবে। এজন্য আমাদেরকে কাজ করতে হবে।’
মন্ত্রী বলেন, ‘বিভিন্ন ধরনের পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের কিছু সমস্যা আছে। আমলাতান্ত্রিক সমস্যাগুরো দূর করতে হবে।’
আয়োজক সংগঠন ‘সেভ আওয়ার সি’কে ধন্যবাদ জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আপনারা গুরুত্বপূর্ণ একটি ইস্যুতে আলোচনার আয়োজন করেছেন। সমুদ্র অর্থনীতি নিয়ে আপনারা যে কাজ করছেন, তাতে আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। আমার মন্ত্রণালয় থেকে যা যা করার দরকার হবে, আমি সেটা করে দেবো।’








