সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে হাজারীবাগ থানার ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২৮ জুন) ঢাকার ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী শুনানি (ভার্চুয়াল) শেষে এই আদেশ দেন।
কাজলের পক্ষে আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এবং আইনজীবী রিপন কুমার বড়ুয়া শুনানি করেন।
এ দিন হাজারীবাগ থানার মামলায় তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক রাসেল মোল্লা সুষ্ঠু তদন্তের প্রয়োজনে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। কাজলের পক্ষে তার আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন কাজলের আইনজীবী রিপন কুমার বড়ুয়া।
উল্লেখ্য, দীর্ঘদিন নিখোঁজ থাকার পর গত ৩ মে যশোরের বেনপোল সীমান্ত থেকে ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে উদ্ধারের কথা জানায় আইনশৃঙ্খলাবাহিনী। এরপর তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে যশোরে মামলা করা হয়। ওই মামলায় গত ২০ মে যশোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কাজলকে অব্যাহতি দেয়। কিন্তু সেদিন তাকে মুক্তি না দিয়ে কারাগারে পাঠানো হয়।
আরও পড়ুন...
সিসিটিভি ফুটেজে সাংবাদিক শফিকুলের সর্বশেষ অবস্থান প্রকাশ অ্যামনেস্টির
সাংবাদিক কাজলের সর্বশেষ ফোন লোকেশন বেনাপোল
সাংবাদিক কাজলকে অপহরণের অভিযোগে মামলা








