জাতিসংঘ মানব উন্নয়নের সব সূচকে বাংলাদেশের অবস্থান ধীর গতিতে হলেও উল্লেখযোগ্যভাবে পাল্টাচ্ছে। এরই অংশ হিসেবে দেশের মানুষের গড় আয়ুও সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে। দুই বছরের ব্যবধানে মানুষের গড় আয়ু তিন মাস বেড়ে দাঁড়িয়েছে ৭০ বছর ৭ মাস।
২০১৩ সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু উল্লেখ করা হয়েছিল ৭০ বছর ৪ মাস। তারও আগে ২০১০ সালে দেশের মানুষের গড় আয়ু উল্লেখ করা হয়েছিল ৬৭ বছর ৭ মাস।
‘রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক ২০১৪: মনিটরিং দ্যা সিচুয়েশন অব ভাইটাল স্টাডিজ অব বাংলাদেশ প্রজেক্ট (এসভিআরএস রিপোর্ট ২০১৪)’ শীর্ষক এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। রবিবার রাজধানীর বঙ্গবন্ধু অন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
প্রতিবেদনে আরও জানানো হয়, দেশে গত তিন বছরে নারী-পুরুষের অনুপাতের দূরত্বও কমেছে। পাশাপাশি কমেছে পুরুষের ওপর নারীর নির্ভরশীলতাও। ২০১২ সালে যেখানে এই অনুপাত ছিল ১০৪ দশমিক ৯ শতাংশ। ২০১৪ সালে তা কমে দাঁড়িয়েছে ১০০ দশমিক ৫ শতাংশ।
তবে প্রতিবেদন অনুযায়ী এই সময়ে নারীর তুলনায় পুরুষের মৃত্যুহার বেড়েছে। আর শহরের তুলনায় গ্রামে এই মৃত্যুঝুঁকি বেশি।
/এসএম/এসটি/








