আইনশৃঙ্খলা বাহিনীর যে সকল সদস্য গ্রেফতারের নামে আসামিদের দিনের পর দিন আটকে রেখে তাদের ইচ্ছেমতো আদালতে চালান দেন তাদের বিরুদ্ধে রাষ্ট্রকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।
রবিবার দুপুরে রংপুরে বেগম রোকেয়া মিলনায়তনে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন তিনি।
ড. মিজান বলেন, বাবা-মায়ের সামনে সন্তানকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। তারপর দিনের পর দিন তাদের কোন খোঁজ পাওয়া যায় না। এটা হতে পারে না। যদি আইনশৃঙ্খলা বাহিনী কাউকে তুলে নিয়ে যায় তাহলে তাদের স্বজনসহ বাবা-মাকে জানাতে হবে, কেন তাকে তুলে নিয়ে যাওয়া হলো। সেইসঙ্গে বিদ্যমান আইন অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে নিকটতম ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করতে হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে তিনি বলেন, ‘সোমবার ধরে নিয়ে গিয়ে আদালতে ২৪ ঘণ্টার মধ্যে হাজির না করে ৭ দিন পর বলবেন রবিবার রাতে গ্রেফতার করেছেন, এ ধরনের তামাশা রাষ্ট্র জনগণের সঙ্গে খেলতে পারে না। এ প্রতারণা বন্ধ করা উচিত ।’
‘অতি উৎসাহী’ হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর যারা এসব কাজ করছেন তাদেরকে সাবধান করে দেওয়ার আহ্বান জানিয়ে তাদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
গণগ্রেফতারের সমালোচনা করে ড. মিজান বলেন, ‘এখন আইনশৃঙ্খলার নামে প্রতি জেলা থেকে প্রতিদিন ৮০-৯০ জনকে গ্রেফতার করা হচ্ছে। এভাবে মানুষের স্বাধীনতা হরণ করার জন্য রাষ্ট্রকে জবাব দিতে হবে।’
তিনি আসন্ন পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মানুষ যাতে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে গণতন্ত্র ধূলিসাৎ হয়ে যাবে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নুর উন নবী। বক্তব্য রাখেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার কাজী হাসান আহাম্মেদ প্রমুখ।
/আরএ/এফএ/








