রাজধানীর বংশালে বৃষ্টির জমা পানি পরিষ্কারের সময় বিদ্যুৎস্পৃষ্টে আলামিন (২০) নামে এক সেলুন দোকানের কর্মচারীর মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।
আলামিন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শিলাপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। তিন ভাইয়ের মধ্যে আলামিন ছিল বড়। বর্তমানে বংশালের হাজী উসমান গনি রোডে সেলুন দোকানের পাশেই মেসে থাকতেন তিনি।
আলামিনের সহকর্মী জাহাঙ্গীর বলেন, ‘সোমবার সকালে দোকান মালিকের ছোট ভাই হাসেমের সঙ্গে দোকানে যায় আলামিন। দোকানে গিয়ে দেখতে পান, ভিতরে হাঁটু পানি। পরে তারা দোকান খুলে পানি পরিষ্কার করার সময় আল-আমীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে অন্য সহকর্মীরা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসকরা সকাল সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’








