দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসা কোরবানির পশুবাহী ট্রাকে চাঁদাবাজি না থাকায় ব্যবসায়ীরা সন্তোষ প্রকাশ করেছেন। বিগত বছরগুলোতে বিভিন্ন এলাকায় নেতাকর্মী, থানা পুলিশ, হাইওয়ে ও ট্রাফিক পুলিশের সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠলেও এবার সেই চাঁদাবাজির শিকার হতে হয়নি বলে জানিয়েছেন বেপারিরা। তারা বলছেন, কোরবানির পশু পরিবহনে এবার চাঁদাবাজির শিকার হতে হয়নি। হাটে নির্বিঘ্নে পশু নিয়ে আসতে পেরেছেন। রাজধানীর হাটগুলোর নিরাপত্তা নিয়েও সন্তুষ্টি জানিয়েছেন তারা।
সংশ্লিষ্টরা বলছেন, পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের কঠোর নির্দেশনা এবং তদারকির কারণে এবার কোরবানির পশুবাহী ট্রাকে চাঁদাবাজি হচ্ছে না। কোরবানির পশু পরিবহনকে কেন্দ্র করে যেন কোনও চাঁদাবাজি না হয় সেক্ষেত্রে সতর্ক থাকতে পুলিশ কর্মকর্তাদের কঠোর বার্তা দিয়েছেন ড. বেনজীর। গত ২৩ জুলাই বিকালে পুলিশ সদর দফতর থেকে দেশের সব ইউনিট প্রধানদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এ বার্তা দেন। কোরবানির পশুবাহী গাড়ি বা ট্রলার কোনও সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া না থামানোর জন্যও পুলিশ সদস্যদের প্রতি নির্দেশ ছিল আইজিপির।
বগুড়ার গুরদাসপুর থেকে সাতটি গরু নিয়ে এবার ঢাকায় এসেছেন মোস্তফা। ট্রাকে করে আসার পথে কোথাও কোনও চাঁদা বা বাধার সম্মুখীন হতে হয়নি বলে জানান এই ব্যবসায়ী। তিনি বলেন, ‘এইবার পরিস্থিতি খুব ভালো ছিল। রাস্তায় কাউরে টাকা দেয়া লাগে নাই।’
পথে কাউকে চাঁদা দিতে না হলেও তার দুশ্চিন্তা অন্য জায়গায়। গত ২২ জুলাই গরু নিয়ে ঢাকায় আসেন। কিন্তু গত সাত দিনে তার একটি গরুও বিক্রি হয়নি।
তিনি বলেন, ‘এক-দু’জন দাম বলে। আমার সর্বনিম্ন দামের গরুর মূল্য দুই লাখ। কিনতে এসে বলে দেড় লাখ। বিক্রি করতে পারি নাই একটাও। পাঁচ জন মানুষ হাটে আছি সাত দিন। জানি না কী হয়!’
ট্রাকে করে গরু আনার সময় পথে চাঁদাবাজদের দৌরাত্ম্য না থাকায় সন্তুষ্টি প্রকাশ করেছেন কুষ্টিয়া সদর থেকে একশ’ ফিটের সাইদনগর হাটে গরু নিয়ে আসা বেপারি আমীর আলী। তিনি বলেন, ‘পথে কোনও সমস্যা হয় নাই। আগে নানা জায়গায় হয়রানি হতো। এবার তা হয় নাই। আমরা এতে সন্তুষ্ট।’
পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পথে পথে গরু ব্যবসায়ীদের যেন চাঁদাবাজির শিকার হতে না হয়, সে জন্য কঠোর বার্তা রয়েছে। আইজিপির পক্ষে সার্বক্ষণিক মনিটরিং চলছে। ইন্টেলিজেন্স বেইজেড পুলিশিংয়ের ভিত্তিতে তথ্য সংগ্রহ অব্যাহত আছে।’ কোথাও কোনও ব্যত্যয় পরিলক্ষিত হলে, তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।








