মালয়েশিয়ায় আটক অভিবাসী কর্মী রায়হান কবিরের মুক্তি এবং অভিবাসী কর্মীদের প্রতি বৈষম্যমূলক আচরণ ও নির্যাতন বন্ধের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্র (বিএনএসকে) এবং বাংলাদেশ শ্রম অধিকার ফোরাম।
একইসঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কাছে এ বিষয়ে স্মারকলিপি দিয়েছে সংগঠন দুটি।
বুধবার (২৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে রায়হানের মুক্তির দাবি জানান সংগঠনের নেত্কর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, মালয়েশিয়ায় অভিবাসী শ্রমিকদের ওপর নির্যাতন বিষয়ে কাতারভিত্তিক টেলিভিশন আল-জাজিরায় সাক্ষাৎকার প্রদান করায় বাংলাদেশি অভিবাসী শ্রমিক রায়হান কবিরকে মালয়েশিয়ান পুলিশ গ্রেফতার করে। শুধুমাত্র সাক্ষাৎকার প্রদান করায় তার ওয়ার্কপারমিট বাতিল করা এবং তাকে অবৈধভাবে গ্রেফতার করা আন্তর্জাতিক মানবাধিকারের পরিপন্থী।একজন অভিবাসী কর্মীর ওপর এধরনের জুলুম অভিবাসী আইনের খেলাপ। তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে।
বক্তারা মালয়েশিয়ায় গ্রেফতার অভিবাসী কর্মী রায়হান কবিরের অবিলম্বে মুক্তির দাবী জানান এবং অভিবাসী কর্মীদের প্রতি সব প্রকার বৈষম্যমূলক আচরণ ও নির্যাতন বন্ধে প্রয়োজনীয় ও সময়োপযোগী ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অভিবাসী কর্মীর মর্যাদা ও ন্যায়বিচার, নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা, অন্যায়, নির্যাতন নীপিড়ন বন্ধে এবং মানবাধিকার রক্ষার্থে সক্রিয় ভূমিকা পালনের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
মানববন্ধনে বাংলাদেশ শ্রম অধিকার ফোরামের সভাপতি আবুল হোসেনের সঞ্চালনায় বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের (বিএনএসকে)নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ফেডারেশনের সাধারণ সম্পাদক তপন সাহা, বাংলাদেশ-ভারত সংহতি পরিষদের সভাপতি বাচ্চু মিয়া, রায়হানের চাচা দেলোয়ার হোসেন, আইআইডি'র প্রধান নির্বাহী সাঈদ আহমদসহ ৬৪টি সংগঠনের প্রতিনিধিরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্র (বিএনএসকে) এর নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলামের নেতৃত্বে বাংলাদেশ শ্রম অধিকার ফোরামের জাকির হোসেন এবং ওকাপের প্রোগ্রাম অফিসার সুপ্রিয়া পররাষ্ট্রমন্ত্রী বরাবর একটি স্মারক লিপি প্রদান করেন।
অন্যদিকে মানববন্ধন শেষে রায়হানের পরিবারের সদস্যরা, বন্ধু ও সচেতন নাগরিকদের পক্ষ থেকে জাকারিয়া ইসলাম ঢাকার মালয়েশিয়ান হাইকমিশনে একটি স্মারকলিপি দেন।








