রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ছাত্রলীগ নেতা সাইফুজ্জামান সোহাগ অপহরণের ঘটনায় রাজশাহী ও নারায়ণগঞ্জ থেকে দুইজনকে আটক করে তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার দুপুরে পুলিশ তাদের রাজশাহী অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জুলফিকার উল্লাহ তাদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আটককৃতরা হলেন, ঢাকা দক্ষিণখান থানার ফায়দাবাদ এলাকার আব্দুল আউয়াল খানের ছেলে ও রুয়েটের সাবেক শিক্ষার্থী ইঞ্জিনিয়ার ফারজাদুল ইসলাম মিরন (২৮) এবং রাজশাহী মহানগরীর নওদাপাড়া এলাকার শওকত আলীর ছেলে ও রুয়েটের সিভিল বিভাগের ২য় বর্ষের ছাত্র ইসফাক ইয়াসিফ ইপু (২১)।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, ‘উন্নত প্রযুক্তি ব্যবহার করে রবিবার সকালে নগরীর নওদাপাড়া এলাকা থেকে রুয়েট শিক্ষার্থী ইসফাক ইয়াসিফ ইপুকে আটক করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে ফারজাদুল ইসলাম মিরনকে আটক করা হয়।’
উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর রাতে র্যাবের পোশাকধারী ৬/৭ জনের একটি দল রাজশাহী মহানগরীর তেরখাদিয়া পশ্চিমপাড়া এলাকায় সোহাগের বাড়িতে র্যাব পরিচয়ে প্রবেশ করে। এ সময় তারা সোহাগের ঘরে ঢুকে ল্যাপটপ ও মোবাইল ফোনের মেমোরি কার্ডসহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস জব্দ করে এবং সোহাগকে একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। এরপর তার পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও তার অবস্থান সর্ম্পকে কোনও তথ্য পাওয়া যায়নি। পরে রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন সোহাগের বাবা।
সন্ধান না পেয়ে ১৩ ডিসেম্বর রাতে নগরীর রাজপাড়া থানায় সোহাগের বাবা আক্কাসউজ্জামান বাদি হয়ে অজ্ঞাত র্যাব ও ডিবি পুলিশ এবং সোহাগের সহপাঠী নাবিলাকে আসামি করে মামলা দায়ের করেন।
/এআই/এফএস/








