ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি নিহত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।
আইন ও সালিশ কেন্দ্র জানায়, বিএসএফের গুলিতে ৪৫ জন বাংলাদেশি নিহত হয়েছেন। গত বছর এই সংখ্যা ছিল ৩৩ জন।
বিবিসি বাংলার এক প্রতিবেদনে মঙ্গলবার এই তথ্য জানানো হয়েছে।
আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক নুর খান লিটনের বরাত দিয়ে বিবিসি জানায়, এ বছর মারা যাওয়া ৪৫ জনের মধ্যে ৩১ জন গুলিতে এবং ১৪ জন শারীরিক নির্যাতনে নিহত হয়েছেন।
তিনি বলেন, দুই দেশের সরকারপ্রধানদের মধ্যে সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনা শূন্যে নামিয়ে আনার আলোচনা হয়েছে। ভারত প্রতিশ্রুতিও দিয়েছিল। কিন্তু তা আর কার্যকর হয়নি। এ ধরণের হত্যাকাণ্ডের বিচার না হওয়াটা এর একটি বড় কারণ বলেও তিনি মনে করেন।
মানবাধিকার সংস্থা ‘অধিকার’ বলছে, এ বছর নভেম্বর মাস পর্যন্ত বিএসএফের গুলিতে ৪১জন বাংলাদেশি নিহত হন। আহত হয়েছে অন্তত ৬০ জন। আর ২৭ জন বাংলাদেশিকে বিএসএফ অপহরণ করেছে।
অধিকারের হিসাবে, ২০১৩ সালে সীমান্তে বিএসএফের গুলিতে নিহতের সংখ্যা ছিল ২৯ জন। ২০১২ সালে ৩৮ জন আর ২০১১ সালে ৩১ জন। এর আগে ২০১০ সালে এই সংখ্যা ছিল ৭৪জন।
অধিকার বলছে, দুই দেশের মধ্যে অবৈধ অনুপ্রবেশকারীদের গ্রেফতার ও হস্তান্তরের সমঝোতা এবং চুক্তি থাকলেও, বিএসএফ সেটি লঙ্ঘন করে সীমান্তে বাংলাদেশিদের দেখামাত্রই গুলি করছে।
/এফএস/এফএ/








