রাজধানীর প্রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র হাবিবুর রহমান সিফাতকে (১৭) হত্যা করে লাশ বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় আসামি মেহেদী হাসান নেহালের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
আসামির জামিন আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার (২০ আগস্ট) বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. বদরুজ্জামানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আইয়ুব হোসেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।
নিহত সিফাত ২০১৮ সালে এসএসসি পরীক্ষায় দেয়। এরপর বেড়ানোর কথা বলে তার দুই বন্ধু তাওহিদুল ইসলাম তামিম ও মাহাদী হাসান নেহাল তাকে একই বছরের ৪ এপ্রিল সদরঘাটে পারাবত-৩ লঞ্চে নিয়ে যায়। পরে ওই লঞ্চের মধ্যেই তাকে অচেতন করা হয়। এরপর সিফাতকে শ্বাসরোধ করে হত্যা করে তার দুই বন্ধু। হত্যার পর তার পেট কেটে বস্তাভর্তি করে চাঁদপুরে নদীর মোহনায় ফেলে দেয় তারা।
হত্যার পর নেহাল গ্রামের বাড়ি ঝালকাঠির নলসিটিতে চলে যায়। আর তামিম মাওয়া হয়ে ঢাকায় ফিরে আসে। ঢাকায় এসে সিফাতের মোবাইল ফোন থেকে তার মাকে ফোন দিয়ে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে তামিম। সিফাতের মা দু’দফায় তাকে ২২ হাজার টাকা দেয়। এ অবস্থায় পুলিশ তাদের গ্রেফতার করে। এরপর তারা হত্যার ঘটনা পুলিশের কাছে বর্ণনা করে।
পরে ওই হত্যার ঘটনায় ২০১৮ সালের ১৪ এপ্রিল মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত শেষে দুই আসামির বিরুদ্ধে ২০১৯ সালের ২২ মে অভিযোগপত্র দেয় পুলিশ। এরপর ওই মামলায় জামিন চেয়ে আসামি মেহেদী হাসান নেহালের পক্ষে হাইকোর্টে আবেদন জানানো হয়।








