বঙ্গবন্ধুর স্বপ্নের শিল্পোন্নত বাংলাদেশ গড়তে মানসম্মত শিল্পপণ্য উৎপাদনের তাগিদ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি বলেন, ‘বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য শিল্প খাতের সক্ষমতা বাড়িয়ে মানসম্মত পণ্য উৎপাদনে নিজেদের এগিয়ে নিতে হবে। মানসম্পন্ন পণ্য উৎপাদনের ক্ষেত্রে কোনও আপস করলে এটি জাতির সঙ্গে বেইমানি ও দুর্নীতি বলে বিবেচিত হবে।’
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে শিল্প মন্ত্রণালয় আয়জিত ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু : শিল্পোন্নত বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন শিল্পমন্ত্রী। সেমিনারে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার উপস্থিত ছিলেন। শিল্পসচিব কে এম আলী আজমের সভাপতিত্বে সেমিনারটি সঞ্চালনা করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সালাউদ্দিন মাহমুদ।
মন্ত্রণালয় থেকে বৃস্পতিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
শিল্পমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর শিল্প দর্শনের আলোকে দেশে গুণগত শিল্পায়নের ধারা জোরদারে উন্নতমানের পণ্য উৎপাদনে সক্ষম বিদেশি উদ্যোক্তাদের সঙ্গে যৌথ বিনিয়োগের শিল্প-কারখানা স্থাপনের সুযোগ কাজে লাগাতে হবে। রাষ্ট্রায়ত্ত শিল্প-কারখানার খালি জমিতে অ্যাগ্রো প্রসেসিং, চামড়া, চিনিসহ বিভিন্ন ধরনের আমদানি বিকল্প পণ্য উৎপাদন, মার্কেটিং ও ব্র্যান্ডিংয়ের লক্ষ্যে নতুন নতুন প্রকল্প গ্রহণ করতে হবে।’
শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, ‘জনগণের স্বার্থেই স্বাধীনতার পর বঙ্গবন্ধু শিল্প কারখানাগুলোকে জাতীয়করণ করেন। দুর্ভাগ্যজনকভাবে বঙ্গবন্ধুকে হত্যার পর লাভজনক শিল্পগুলোকে বেসরকারি খাতে হস্তান্তর করা হয়। কারখানার দক্ষ কর্মীদের ছাঁটাই করা হয়। ’
সেমিনারে শিল্প মন্ত্রণালয়র অতিরিক্ত সচিব হেলাল উদ্দিন, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ও বিসিক চেয়ারম্যান মোশতাক হাসান আলোচনায় অংশ নেন। শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দফতর ও সংস্থার প্রধানরা অনলাইনে সংযুক্ত ছিলেন।








