রাজশাহীর দুর্গাপুরে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৪ মেয়রসহ ৭ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা আক্তারুন্নাহার এই জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুন্নাহার জানান, মঙ্গলবার সন্ধ্যায় তিনি এবং সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা বুলবুল আহম্মেদ বিভিন্ন এলাকায় অভিযানে নামেন। এ সময় দেয়ালে ও বৈদ্যুতিক পুলে পোস্টার সাঁটানোসহ বিভিন্ন কারণে বিএনপি’র মনোনীত প্রার্থী সাইদুর রহমান মন্টু, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তোফাজ্জল হোসেন, জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী আজাহার আলী ও স্বতন্ত্র মেয়র প্রার্থী হাসানুজ্জামান সান্টুকে পৃথকভাবে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এদিকে, একই কারণে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সেলিম রেজা ও ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সোহেল রানা এবং ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সুজনুর রহমানকে পৃথকভাবে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।
/আরএ/








