করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার ঠেকাতে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল ও সমাবেশ করার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে এই নিষেধাজ্ঞার মধ্যেই মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে সীমিত পরিসরে তাজিয়া মিছিল করার প্রস্তুতি নিতে দেখা গেছে। পুলিশ বলছে, শিয়া সম্প্রদায়ের নেতাদের সঙ্গে আলোচনা করে মিছিল ও সমাবেশ না করার জন্য বলা হয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়নে মোহাম্পদপুর জেনেভা ক্যাম্পে কন্ট্রোল রুম স্থাপনসহ পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।
মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন ইবনে আলী (রা.) হিজরি ৬১ সনের ১০ মহররম কারবালার ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন। এই শোক ও স্মৃতিকে স্মরণ করে সারাবিশ্বে মুসলিমরা আশুরাকে ত্যাগ ও শোকের দিন হিসেবে পালন করেন। বাংলাদেশে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয় আশুরা।
দেশে শিয়া সম্প্রদায় মহররম মাসের প্রথম দশদিন শোক স্মরণে নানা কর্মসূচি পালন করে। আশুরার দিনে তাজিয়া বের করা হয় শোকের আবহে। মূলত ইমাম হোসেন (রা.) এর সমাধির প্রতিকৃতি নিয়ে এই মিছিলে হয়। আরবি ‘তাজিয়া’ শব্দটি শোক ও সমবেদনা প্রকাশ করতে ব্যবহার করা হয়। তবে করোনা পরিস্থিতি বিবেচনায় এবার সব ধরনের তাজিয়া, শোক ও পাইক মিছিল নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
তবে শনিবার (২৯ আগস্ট) বিকালে মোহাম্মদপুর বিহারি ক্যাম্প ঘুরে দেখা গেছে, অসংখ্য তরুণ মিছিলের প্রস্তুতি নিচ্ছে। এক ক্যাম্প থেকে অন্য ক্যাম্পে ঘুরছে পাইক পরে। ক্যাম্পের প্রতিটি গলিতে রয়েছে সাজ সাজ রব। নিশান বানানোর জন্য জড়ো করা হয়েছে বাঁশ। কোথাও কোথাও এগুলো কেটে ছোট করতেও দেখা গেছে।
ক্যাম্পের বাসিন্দারা জানান, এবার তারা শহর জুড়ে মিছিল করবেন না। তবে ক্যাম্পের ভেতর স্থাপিত ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল বের হয়ে ক্যাম্পের চারপাশের সড়ক ঘুরে আবার একই জায়গায় শেষ হবে।
ক্যাম্পের বাসিন্দা মো. নুরুল বলেন, তাজিয়া মিছিল হবে ক্যাম্পের আশপাশের রাস্তাগুলোতে। রাত ১২টার দিকে একটা মিছিল বের হবে। আরেকটা হবে আগামীকাল দুপুরের পর। তবে মিছিল নিয়ে বাইরে যাওয়া যাবে না।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মিরপুর থেকে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে এসেছেন আরমান। তার সঙ্গে রয়েছেন আরও দুই বন্ধু। তারা জানিয়েছে, সকাল থেকেই তারা পাইক পরে বিভিন্ন জায়গায় ঘুরছে। অন্যান্য বছর শহরে বিভিন্ন সড়কে তাজিয়া মিছিল হলেও এবার নিষেধাজ্ঞা থাকায় তারা নিজেরাই ঘুরছেন।
জেনেভা ক্যাম্পের সামনে স্থাপন করা পুলিশের অস্থায়ী কন্ট্রোল রুম। এছাড়া ক্যাম্পের মূল প্রবেশপথগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হুমায়ুন রোডে দায়িত্ব পালন করছেন মোহাম্মদপুর থানার উপ পরিদর্শক(এসআই) ইমরান হোসেন রাজু। তিনি বলেন, এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা দায়িত্ব পালন করছি।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবদুল লতিফ বাংলা ট্রিবিউনকে বলেন, করোনা পরিস্থিতির কারণে কোনও তাজিয়া মিছিল করা যাবে না। ঢোল-বাদ্য ব্যবহার করা যাবে না। এ ধরনের কার্যক্রম যাতে কেউ পরিচালনা করতে না পারে সেজন্য আমরা পর্যাপ্ত পুলিশ মোতায়েন রেখেছি। কোনও মিছিল না করার জন্য আমরা মাইকিং করেছি।
উল্লেখ্য, আশুরা উপলক্ষে আগামী রবিবার (৩০ আগস্ট) সব ধরনের তাজিয়া, শোক ও পাইক মিছিল নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে বর্তমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ইমামবাড়াগুলোতে ধর্মীয় অনুষ্ঠান পালন করা যাবে।
ছবি: রাফসান জানি








