লেবাননের রাজধানী বৈরুত বন্দরে সংঘটিত বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাংলদেশ নৌবাহিনীর জাহাজ ‘বিজয়’ এর মেরামতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিচ্ছে তুরস্ক।
টার্কিশ নৌবাহিনীর একটি টাগ বোটের সাহায্য নিয়ে প্রায় ৪৫০ মাইল সমুদ্রপথ অতিক্রম করে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিজয় গত ৩০ আগস্ট তুরস্কের আকসাজ নেভাল ডকইয়ার্ডে পৌঁছায়।
সোমবার (৩১ আগস্ট) আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৌবাহিনীর জাহাজ ‘বিজয়ের’ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও মেরামত করতে বিশেষ সহযোগিতার হাত বাড়িয়েছে তুরস্ক।
আইএসপিআর আরও জানায়, জাতিসংঘের নির্দেশনা অনুযায়ী এবং নৌ-সদরের সার্বিক তত্ত্বাবধানে তুরস্কের নৌ ঘাঁটিতে বানৌজা বিজয়ের প্রয়োজনীয় মেরামতের কাজ পরিচালিত হবে। এর আগে,বৈরুত বন্দরে তুরস্ক নৌবাহিনীর ডুবুরি দল লেজার প্রযুক্তি ব্যবহার করে ‘বিজয়ের’ তলদেশের ক্ষতিগ্রস্ত অংশ নিরূপণ ও চিহ্নিত করে। মেরামত শেষে জাহাজটি আগামী ৭ সেপ্টেম্বর লেবাননের বৈরুতের উদ্দেশে রওনা করবে বলে আশা করা যায়।
উল্লেখ্য, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে মেরিটাইম টাস্কফোর্সের অধীনে নিয়োজিত থাকা অবস্থায় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিজয় গত ৪ আগস্ট বৈরুত বন্দরে বিস্ফোরণের কারণে ক্ষতিগ্রস্ত হয়।
ভূ-মধ্যসাগরে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সের সদস্য হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ২০১০ সাল থেকে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে আসছে। নৌবাহিনীর জাহাজ লেবাননের ভূ-খণ্ডে অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ অনুপ্রবেশ প্রতিহত করতে দক্ষতার সঙ্গে কাজ করে চলেছে। পাশাপাশি নৌবাহিনীর জাহাজ লেবানিজ জলসীমায় মেরিটাইম ইন্টারডিকশন অপারেশন, সন্দেহজনক জাহাজ ও এয়ারক্রাফটের ওপর গোয়েন্দা নজরদারি, দুর্ঘটনাকবলিত জাহাজে উদ্ধার তৎপরতা এবং লেবানিজ নৌ-সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের কাজ করে যাচ্ছে।








