যুব মহিলা লীগ থেকে বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীর বিরুদ্ধে অস্ত্র মামলায় আরও দুজনের সাক্ষ্য গ্রহণ শেষ করেছেন আদালত। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত তাদের সাক্ষ্য গ্রহণ শেষে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ৬ সেপ্টেম্বর দিন ধার্য করেন। সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু এ তথ্য নিশ্চিত করেন।
সাক্ষ্য প্রদানকারীরা হলেন– পুলিশের সহকারী উপ-পরিদর্শক জামাল ও হাবিবুর রহমান নামে এক ব্যক্তি। এখন পর্যন্ত এ মামলার ১২ সাক্ষীর মধ্যে নয় জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
এর আগে ২৩ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন। ২৯ জুন মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১-এর উপপরিদর্শক (এসআই) মো. আরিফুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন।
গত ২২ ফেব্রুয়ারি রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাল টাকা বহন ও অবৈধ টাকা পাচারের অভিযোগে শামিমা নূর পাপিয়া ওরফে পিউসহ চার জনকে গ্রেফতার করে র্যাব। এরপর ২৩ ফেব্রুয়ারি সকালে পাপিয়া রাজধানীর ফার্মগেটে ইন্দিরা রোডে পাপিয়ার বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ২০ রাউন্ড গুলি, পাঁচ বোতল বিদেশি মদ, ৫৮ লাখ ৪১ হাজার টাকা, পাঁচটি পাসপোর্ট, তিনটি চেক, বেশ কিছু বিদেশি মুদ্রা এবং বিভিন্ন ব্যাংকের ১০টি এটিএম কার্ড উদ্ধার করা হয়। ওই ঘটনায় শেরেবাংলা নগর থানায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে একটি এবং বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলা দায়ের করা হয়।
/টিএইচ/এমএএ/








