রাজধানীর ডেমরা বাঁশেরপুল এলাকায় ঘুড়ি ওড়াতে গিয়ে একতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে জুবায়ের (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতের মামা মেহেদী হাসান জানান, আমার বোন নিপা আক্তার গতকাল কুমিল্লা থেকে আমাদের বাসায় বেড়াতে আসেন। আজ সকালে বাসার একতলার ছাদে জুবায়ের ঘুড়ি ওড়াতে গিয়ে অসাবধানতাবসত নিচে পড়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সকাল পৌনে ৯টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, শিশুটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃত জুবায়ের কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার নাইয়ারভাঙ্গা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। এক ভাই এক বোনের মধ্যে জুবায়ের ছোট।








