দেশের বিভিন্ন এলাকায় অব্যাহত বন্যা পরিস্থিতি মোকাবিলার অংশ হিসেবে মুন্সীগঞ্জের শ্রীনগরে বন্যাদুর্গত এলাকায় খাদ্য ও চিকিৎসা সামগ্রী বিতরণ করেছে নৌবাহিনী। রবিবার (৬ সেপ্টেম্বর) এসব খাদ্য ও চিকিৎসা সামগ্রী বিতরণ করে তারা।
রবিবার (৬ সেপ্টেম্বর)আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বন্যার কারণে চরম খাদ্য, পানীয় এবং চিকিৎসা সংকটে পড়া মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার হাসাড়া, রাঢ়িখাল, ভাগ্যকুল, বাঘড়া
ও কোলাপাড়া ইউনিয়নের স্থানীয় হতদরিদ্র এক হাজার ২০০ পরিবারের মধ্যে রবিবার শুকনা খাদ্য ও চিকিৎসাসামগ্রী বিতরণ করে নৌবাহিনী। খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, চিড়া, চিনি, মুড়ি, গুড়, লবণ, মোমবাতি, দিয়াশলাই, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও
বিশুদ্ধ পানি প্রদান করা হয়।
শ্রীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এসব খাদ্যসামগ্রী ও চিকিৎসা সহায়তা বিতরণ করা হয়। দেশের বন্যা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত দেশের দুর্গত এলাকায় নৌবাহিনীর এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইএসপিআর।








