ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এমন একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের সদস্যরা ২৪ ঘণ্টাই মানুষের সেবায় প্রস্তুত থাকেন। গর্বের সঙ্গে বলতে হয়— তারা নিঃস্বার্থ ও নিরলসভাবে সর্বদা মানুষের সেবা করেন। অগ্নিকাণ্ডের সময় নিজের জীবন ও সন্তানের ভবিষ্যৎ চিন্তা না করে অন্যের জীবন ও তাদের সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করতে জীবন বাজি রেখে কাজ করে থাকেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির সদর দফতরে অগ্নিনির্বাপণ, উদ্ধার ও জরুরি বহির্গমন মহড়া অনুষ্ঠানে ডিএমপি কমিশনার এসব কথা বলেন। ডিএমপির জনসংযোগ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ কমিশনার বলেন, ‘তারা যেকোনও প্রাকৃতিক বিপর্যয় ও দুঘর্টনায় মানুষের পাশে থাকেন। আমরা পুলিশ সদস্যরাও কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি ফায়ার সার্ভিসকে সহযোগিতা করি।’
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অগ্নিনির্বাপণ মহড়ায় কৃত্রিম অগ্নিকাণ্ডের পরিস্থিতি সৃষ্টি করে ডিএমপি সদর দফতরে ফায়ার সার্ভিসের একদল চৌকষ কর্মী অগ্নি নির্বাপণ সরঞ্জামের সাহায্যে বাস্তব মহড়া করেন। মহড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে অগ্নিনির্বাপণ যন্ত্র ও পানিবাহী গাড়ির সাহায্যে কীভাবে আগুন নেভাতে হয়, বহুতল ভবনে আটকে পরা লোকজনদের গাড়ি, স্ট্রেচার ও রশির সাহায্যে লোক উদ্ধারসহ এয়ার প্যাকে লাফ দিয়ে কীভাবে জীবন বাঁচানো যায়, মহড়ায় তা দেখানো হয়।
মহড়া অনুষ্ঠানে ডিএমপি ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








