জ্ঞাত আয় বহির্ভূতভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা দুর্নীতি মামলায় বগুড়ার বহুল আলোচিত ও বহিষ্কৃত শ্রমিক লীগ নেতা তুফান সরকারকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
তুফানের জামিন আবেদনের শুনানি নিয়ে বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে তুফান সরকারের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সগির হোসেন লিওন। অন্যদিকে দুদকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সাজ্জাদ হোসেন।
বগুড়ায় মা ও মেয়েকে নির্যাতনের পর মায়ের মাথা ন্যাড়া করার অভিযোগের মামলায় ২০১৭ সালের ২৯ জুলাই থেকে সে কারাবন্দি। এরইমধ্যে এ মামলায় হাইকোর্ট তার জামিনের আবেদন খারিজ করেছেন।
এছাড়াও তুফান সরকারের বিরুদ্ধে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর বগুড়া সদর থানায় মামলা দায়ের করে দুদক। মামলায় বলা হয়, জ্ঞাত আয় বহির্ভূতভাবে এককোটি ৫৯ লাখ ৫৮ হাজার ৮ ৮৫ টাকা অর্জন করেছেন তুফান সরকার। যা তার আয়কর রিটার্নে দেখিয়েছেন। বাস্তবে আসামি তুফান সরকারের আয়ের কোনও বৈধ উৎস ছিল না।








