নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নদী ও পরিবেশ রক্ষার নামে স্বাধীনতাবিরোধীরা আমাদের মধ্যে প্রবেশ করার চেষ্টা করতে পারে। তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। তারা নদী রক্ষার ক্ষেত্রে সরকারের ভালো উদ্যোগগুলোকে নস্যাৎ করার অপচেষ্টা করছে। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী গোষ্ঠী নদী ও পরিবেশ রক্ষা সংক্রান্ত সরকারি পর্যায়ের আলোচনা সভায় যেন অংশ নিতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।’
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে জাতীয় নদী রক্ষা কমিশনের উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম সংক্রান্ত বৈঠকে তিনি এমন মন্তব্য করেন। বৈঠকে মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার উপস্থিত ছিলেন।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এতথ্য জানানো হয়।
প্রতিমন্ত্রী বলেন, ‘স্বাধীনতাবিরোধীরা নদী রক্ষার ক্ষেত্রে সরকারের ভালো উদ্যোগগুলোকে নস্যাতের অপচেষ্টা করছে। সরকার বুড়িগঙ্গাসহ শীতলক্ষ্যা, বালু, তুরাগ ও দেশের গুরুত্বপূর্ণ নদ-নদীর নাব্যতা এবং নদীর স্বাভাবিক গতিপ্রবাহ অব্যাহত রাখার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে পরামর্শ প্রদান, সুপারিশ প্রণয়ন এবং বাস্তবায়নের জন্য টাস্কফোর্স গঠন করেছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের নেতৃত্বে টাস্কফোর্স কাজ করছে। কর্ণফুলীসহ দেশের বড় নদীগুলো রক্ষায় আরও একটি কমিটি স্থানীয় সরকার বিভাগের নেতৃত্বে কাজ করছে।’
তিনি আরও বলেন, ‘নদী রক্ষার ক্ষেত্রে আমাদের খুবই তৎপর থাকতে হবে। নদী ও পরিবেশ রক্ষায় আমরা অনেক এগিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদী ও পরিবেশ রক্ষায় শুরু থেকে আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। বর্তমান সরকার নদী দখল ও দূষণরোধে বাস্তবতার নিরিখে কাজ করছে।’








