রাজধানীর মোহাম্মদপুরের কাদিরাবাদ হাউজিং এলাকায় রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম নূরজাহান বেগম (৫৫)। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার প্রথমে বাংলাদেশ মেডিক্যালে, পরে সেখান থেকে দুপুর দেড়টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে জাকির হোসেন জানান, তার মা বাসা থেকে বাজার করার জন্য বের হয়েছিলেন। বাসার পাশেই কাদিরাবাদ হাউজিং এলাকায় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে মেডিক্যালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয় জনতা প্রাইভেটকারটি আটক করলেও চালক পালিয়ে যান।
ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, নূরজাহান বেগমের মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
জানা গেছে, নূরজাহান মোহাম্মদপুরের কাটাসুর রোডের ১৩৬ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকতেন। তার স্বামীর নাম হাজী ইব্রাহিম। তিন ছেলে ও এক মেয়ের জননী ছিলেন তিনি।








