বর্তমান সময়ে আওয়ামী লীগ সরকার ও বিএনপি উভয়েই করোনায় আক্রান্ত বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, সরকার করোনায় আক্রান্ত ধর্ষণ আর দুর্নীতিতে। আর বিএনপি করোনায় আক্রান্ত মাজাভাঙা রাজনীতিতে।
শুক্রবার (২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘দেশে যেভাবে ধর্ষণ আর গণধর্ষণ করছে ছাত্রলীগের ছেলেরা, তাতে এ দেশের মা-বোনেরা আর শান্তিতে থাকতে পারছে না। কোথাও শান্তিতে বের হবে তারও উপায় নেই। অন্যদিকে দুর্নীতি যেভাবে ছড়িয়েছে তাতেও সাধারণ মানুষের আর বাঁচার উপায় নেই।’
সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘এনাফ ইজ এনাফ। আর না। এবার ক্ষমতা ছাড়েন। অনেক হয়েছে। এভাবে দেশ চলতে পারে না। কোথাও কেউ শান্তিতে নেই। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মূলত বঙ্গবন্ধুকেই অপমান করেছে সরকার। কারণ, বঙ্গবন্ধু চেয়েছিলেন ক্ষমতা সবসময় জনগণের হাতে ন্যস্ত থাকবে। বঙ্গবন্ধু শোষণহীন সমাজব্যবস্থার জন্য লড়াই করেছেন।’
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রসঙ্গ টেনে ডা. জাফরুল্লাহ বলেন, ‘পেঁয়াজ নিয়ে তেলেসমাতি খেলছে সরকার। আগেই ব্যবস্থা নিলে এরকম পেঁয়াজকাণ্ড হতো না। ভারতনীতি পরিহার করতে হবে। নিজেদের উৎপাদন বাড়ানো এবং অন্যান্য দেশের পেঁয়াজ আনতে হবে। তাহলে ভারতও বাংলাদেশকে নিয়ে এভাবে খেলতে পারবে না।’
মানববন্ধনে গণতন্ত্র ফোরামের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








